‘টানা হরতালে বউ-বাচ্চা অনাহারে কাটিয়েছে’
শফিউল আলম দিনমজুর। নগরের দেওয়ানহাট এলাকায় প্রতিদিন সকালে কাজের জন্য আরও অনেক শ্রমিকের সঙ্গে দাঁড়ান। বিভিন্ন ঠিকাদার এসে সেখান থেকে তাঁদের দৈনিক মজুরির ভিত্তিতে ভাড়া করে নিয়ে যান। কখনো ২০০ টাকা, কখনো ৩০০ টাকায় তাঁরা কাজে যান। হরতালের সময় তাঁর কোনো কাজ জোটে না।শফিউল বলেন, হরতালের দিন ঠিকাদারেরা তেমন আসেন না। সারা দিন বসে থাকলেও কাজ জোটে না। কয়েক দিন টানা হরতাল হলে স্ত্রী ও চার সন্তান নিয়ে অনেক সময় না খেয়েও থাকতে হয়েছে। নগরের দেওয়ানহাট ছাড়া চকবাজার এলাকায়ও প্রতিদিন সকালে এ রকম শ্রমিক বেচাকেনার হাট বসে। শফিউলের মতো আবু, রহিম, কাঞ্চনেরাও হরতালের দিন এ রকম কাজের অভাবে ভোগেন। তাঁরা জানান, ঠিকাদারেরা তাঁদের এখন থেকে তুলে অনেক দূরদূরান্তে কাজের জন্য নিয়ে যান। কিন্তু যানবাহন চলাচল না থাকার কারণে আশপাশের ঠিকাদারেরা এলেও যাঁরা দূরদূরান্তে কাজ করে তাঁরা আসেন না। তাই ওইদিন কাজের দামও কমে যায়।আজকের (রোববার) হরতালেও এ সমস্যায় পড়বেন বলে তাঁরা মনে করছেন। রহিম বলেন, ‘আগামীকাল (আজ) হরতালেও হয়তো কাজ পেতে সমস্যা হবে। কারণ ওইদিন বেশি লোকজন আমাদের খোঁজে আসেন না।’দিনমজুরদের মতো সমস্যায় পড়েন সিএনজি অটোরিকশাচালক, পোশাকশ্রমিকসহ খেটে খাওয়া লোকজন। পোশাকশ্রমিকদের সমস্যাটা একটু ভিন্ন ধরনের। তাঁদের কারখানা খোলা থাকলেও শহর এলাকার বাস না চলার কারণে রিকশা কিংবা পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হয়। নগরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিক মিনু আক্তার বলেন, ‘আমি থাকি আগ্রাবাদে। কিন্তু আমাদের নির্ধারিত কোনো বাস নেই। যার কারণে হরতালের দিন রিকশা অথবা পায়ে হেঁটে গার্মেন্টসে যেতে হয়। এতে কষ্ট হয়।’তবে কোনো কোনো পোশাককারখানা পিকেটারেরা মাঠে নামার আগেই বাসযোগে শ্রমিকদের নিয়ে যায় বলে জানা গেছে। অটোরিকশাচালকেরা হরতালের দিন সন্ধ্যার পর ছাড়া সাধারণত বের হন না। তাঁরা জানান, সন্ধ্যায় বের হলে মালিককে আধা বেলার ভাড়া দিতে হয়। কিন্তু পোষায় না। তবে হরতালে রিকশাচালকদের পোয়াবারো। ১০ টাকার ভাড়া ৩০ টাকা পর্যন্ত হাঁকে তারা। এমনিতে হরতালে রিকশা কম চলে। যারা ঝুঁকি নিয়ে বের হন তাদের আয় ভালো হয় বলে রিকশাচালকেরা জানান। নগরের লালখান বাজারের রিকশাচালক কলিম উদ্দিন বলেন, ‘হরতালে মাঝেমধ্যে বের হই। তবে এতে কিছুটা ঝুঁকিও থাকে। যেদিন কড়া হরতাল হয় সেদিন রিকশা পর্যন্ত চলতে দেওয়া হয় না। অনেকসময় ভাঙচুর ও মারধর করা হয়।’