'টেকসই উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সমবায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের অন্যতম কৌশল হিসেবে স্বীকৃত। টেকসই উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম।’
গতকাল শনিবার ৪৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ শীর্ষক এ সভার আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তর। এবার সমবায় দিবসের মূল প্রতিপাদ্য এটি।
সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি নুরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রামের পরিচালক মুহাম্মদ নুরুল আলম।
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, সমবায় হচ্ছে এমন একটি পদ্ধতি, যেখানে ধনী–গরিব সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে। এটি অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল। সে কারণে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম কৌশল হিসেবে বেছে নিয়েছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সমবায়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশে সব মিলিয়ে প্রায় দেড় লাখ সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের সমিতির সংখ্যা প্রায় ৪০ হাজার। এ সমিতিগুলোও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এতে সমবায়গুলোর অবদানও রয়েছে। সরকার এ প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে সহায়তা দিচ্ছে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া। চট্টগ্রামের বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের অনেকেই নিজেদের সমবায় প্রতিষ্ঠানের সমস্যা ও সাফল্যের কথা তুলে ধরেন।
এর আগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে নয়টায় আন্দরকিল্লার সমবায় কমপ্লেক্স থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।