শহরের ব্যবসায়ী লিও ইউসাংয়ের বাবা ছিলেন গ্রামের বিদ্যালয়ের শিক্ষক। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ইউসাং গ্রামে আসেন। বৃদ্ধা মায়ের ইচ্ছা—পুরোনো রীতিতে হোক শেষকৃত্য। রীতি পালনের ঝক্কি নিয়ে মায়ের সঙ্গে তর্ক করতে গিয়ে ইউসাংয়ের মনে পড়ে যায় মা-বাবার প্রথম পরিচয় ও বিয়ের রঙিন দিনগুলোর গল্প। শি বাওয়ের উপন্যাস অবলম্বনে চীনা পরিচালক ঝ্যাং ইয়ামু নির্মিত রোড হোম চলচ্চিত্রের এমন কাহিনি সহজেই দর্শকের হূদয় ছুঁয়ে যায়।প্রতি বছরের মতোই ‘ট্রিবিউট টু মায়েস্ত্রো’ শীর্ষক প্রদর্শনীর মধ্য দিয়ে বিখ্যাত কয়েকজন পরিচালকের চলচ্চিত্র দেখার সুযোগ করে দিল চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ১০ ও ১১ জুন দুই দিনের প্রদর্শনীর প্রথম দিন জাঁ লুক গদারের এ ওম্যান ইজ এ ওম্যান, ভিত্তোরিও ডি সিকার দ্য বাইসাইকেল থিভস ও আকিরা কুরোশাওয়ার ম্যাদাদেও (নট ইয়েট) এবং সমাপনী দিন স্টানলি কুবরিকের পাথস অব গ্লোরি, ঝ্যাং ইয়ামুর রোড হোম এবং রোবের ব্রেসোঁর ডায়েরি অব এ কান্ট্রি প্রিস্ট প্রদর্শিত হয়।চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বলেন, ‘ল্যাটিন শব্দ ‘‘মায়েস্ত্রো’’ অর্থ ‘‘গুরু’’। বিশ্বের খ্যাতমান পরিচালকের শিল্পের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমরা ১০ বছর ধরে এ প্রদর্শনীর আয়োজন করে আসছি।’ গত শনিবার সাড়ে পাঁচটায় প্রদর্শিত রোড হোম চলচ্চিত্রের শুরুর মুহূর্তে সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, ‘ফেলে আসা দিনের স্মৃতিকে আনন্দের বোঝাতে পরিচালক ফ্ল্যাশব্যাকের দৃশ্যকে রঙিন এবং চলমান সময়ের দৃশ্যাবলি সাদা-কালোয় দেখিয়েছেন। এটারোড হোম চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য।’কুলগাঁও সিটি করপোরেশন কলেজের শিক্ষক আহমেদ রাসেল রোড হোম চলচ্চিত্র দেখে মুগ্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘এ চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি অসাধারণ। নির্বাক চলচ্চিত্রের মতো শুধু চোখে দেখেই পুরো দৃশ্য উপলব্ধি করা যায়, ভাষা বোঝার দরকার হয় না।’ বেসরকারি সংস্থার কর্মকর্তা মাহমুদুল আলম দুই দিনের আসরের সব চলচ্চিত্র দেখেছেন। তিনি জানান, ‘দ্য বাইসাইকেল থিভস-এর কথা বহুদিন মনে থাকবে। ইতালির নবযুগের চলচ্চিত্র আন্দোলনের ফসল এই ছায়াছবিতে বাবা ও ছেলের যে মানবিক সম্পর্ক চিত্রায়িত হয়েছে তা যুগ যুগ ধরে দর্শকের মনের খোরাক জোগাবে।’