
এখন প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও রেলে নাশকতা চলছে। এমন পরিস্থিতিতে তাঁর ওপরে ছিল বড় কর্তার নির্দেশ, ‘ট্রেনটা যে করেই হোক থামাতে হবে, আশরাফুল।’ তাই তো গত ২৭ নভেম্বর তিনি এক টুকরো লাল কাপড় নিয়ে ছুটে গিয়েছিলেন রেললাইনের ওপর দিয়ে। জয়পুরহাটের রেলের কিম্যান আশরাফুল ইসলামের (৩৫) জন্যই সেদিন রক্ষা পেয়েছিল সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের কয়েক শ যাত্রীর প্রাণ
কত দিন ধরে রেলের চাকরি করছেন?
২০০৯ সালে চাকরিটা পেয়েছি। রেললাইনের সাত কিলোমিটারের মধ্যে প্যান্ডেল ক্লিপ, নাট-বল্টু ঠিক আছে কি না, এটা দেখাই আমার কাজ।
সেদিন কী ঘটেছিল?
আমাদের বাড়ি জয়পুরহাট সদরের জামালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে। গ্রাম থেকে আধ কিলোমিটার দূরে একটা ব্রিজ আছে, নাম উড়ি ব্রিজ। সেই দিন সকালে (২৭ নভেম্বর) আব্বা ঘুম থেকে উঠে গিয়েছিলেন উড়ি ব্রিজের কাছে। এখানে তিনি হাফপ্যান্ট পরা এবং মুখ বাঁধা ১৫-২০ জন মানুষ দেখলেন। দেখলেন যে তারা যন্ত্রপাতি দিয়ে রেললাইনের নাট-বল্টু খুলছে। তখন ছয়টা বাজে। আব্বা বাড়ি এসে খবরটা দিলেন আমাকে। আমি অফিসের বাবুকে সংবাদটা দিলাম। তিনি জানালেন পার্বতীপুরে বড় স্যারকে। এরপর স্যার আমাকে ফোন দিয়ে বললেন, ‘আশরাফুল, সীমান্ত এক্সপ্রেস আক্কেলপুর ছেড়ে চলে এসেছে। এখন আর থামানোর কোনো উপায় নেই। তুমি যে করেই হোক ট্রেনটা থামাও।’ আমি বাড়ি থেকে আমার স্ত্রীর লাল পেটিকোটটা নিলাম। তখন দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে আসছে। এ সময় রেললাইন ধরে দৌড় দিলাম আমি। লাইনের পাশে সে সময় এক-দেড় শ লোক—সবাই চিৎকার করছে। একসময় ট্রেনটা থামল।
কিসের তাগিদে করলেন কাজটা?
স্যারের নির্দেশে কাজটা করেছি—তাঁর হুকুমেই তো চলতে হবে। আমাদের ট্রেনিংয়ের সময় শিখিয়েছিল ট্রেন কীভাবে থামাতে হয়—সেই ট্রেনিংটা ভুলি নাই।
এরপর কে কী বলল?
গ্রামের লোকেরা সবাই ভালো বলল, বলল, ভালো একটা কাজ করেছ। এ ছাড়া ঢাকায় ডেকে নিয়ে যোগাযোগমন্ত্রী আমার হাতে ৫০ হাজার টাকা তুলে দিলেন।
আপনার পরিবার-পরিজনের খবর বলুন...
আমার ছয় বছর বয়সী এক মেয়ে আছে। স্ত্রী সাংসারিক কাজ করেন। দুই ভাই, এক বোনের মধ্যে সবার বড় আমি। সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারলেই আমি খুশি।
সাক্ষাৎকার: আবুল হাসনাত