'ঠাকুর' কচ্ছপগুলো কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালচিং বৌদ্ধবিহারের কচ্ছপগুলো এখন আর নেই (ফাইল ছবি)
লালচিং বৌদ্ধবিহারের কচ্ছপগুলো এখন আর নেই (ফাইল ছবি)

২০১২ সালের ২৮ সেপ্টেম্বর বিকেলেও রামুর শ্রীকুলের লালচিং ও সাদাচিং বৌদ্ধবিহার মাঠে শত শত ঠাকুর কচ্ছপ দেখেছি। ২৯ সেপ্টেম্বর রাতে বৌদ্ধবিহারে অগ্নিসংযোগের পর সকালে মাঠে বেশ কিছু কচ্ছপের মৃতদেহ নজরে পড়ে। আরও বহু কচ্ছপ এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখেছি। কিন্তু ধ্বংসস্তূপের ওপর নতুন বিহার নির্মাণের পর কচ্ছপগুলো আর দেখা যাচ্ছে না।
গত ১৯ অক্টোবর লালচিং বৌদ্ধবিহারের মাঠে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন স্থানীয় বাসিন্দা প্রিয়াঙ্কা বড়ুয়া (৩৪)। হাইটুপি গ্রামের গৃহবধূ রিংকু বড়ুয়া (৪২) পূজা দিতে এসে কচ্ছপগুলোকেও খাওয়ান। বৌদ্ধধর্মাবলম্বী মানুষজনের কাছে কচ্ছপগুলো পবিত্র প্রাণী। কিন্তু এখন বিহারে এসে কোথাও একটি কচ্ছপও না দেখে ভীষণ হতাশ তিনি। বললেন, ‘কেউ জানে না কোথায় গেল ঠাকুর কচ্ছপগুলো।’
গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা এই লালচিং বৌদ্ধবিহারে প্রথম অগ্নিসংযোগ করে। তারপর আগুন দেওয়া হয় পাশের সাদাচিং বৌদ্ধবিহারে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বিহার পুড়ে ছাই হলেও মাঠে বিচরণরত বহু কচ্ছপ তখন প্রাণে বেঁচে ছিল। পরদিন দুপুরে প্রতিবেদন তৈরির জন্য বিহারে গেলে ছোট বড় অসংখ্য ঠাকুর কচ্ছপ চোখে পড়ে।
ওই সময় বিহারের ভিক্ষু ওয়েছেকা ছারা মহাথের (৮৭) বলেছিলেন, রাতে আগুনে বেশ কিছু ঠাকুর কচ্ছপের মৃত্যু হয়। বিহারে হামলাকারী লোকজন লাঠি দিয়েও বেশ কিছু কচ্ছপ মেরেছিল। পরদিন সকালে মন্দির প্রাঙ্গণে রক্তাক্ত কচ্ছপ পড়ে থাকতে দেখে তিনি হতবাক হন।
ভিক্ষু বলেন, বিহারের ভেতরে কচ্ছপগুলো বিচরণ করে বলে এদের ‘ঠাকুর কচ্ছপ’ বলা হয়। দেড় শ বছর আগে বিহার প্রতিষ্ঠার সময়কাল থেকে কচ্ছপগুলো এখানেই আছে। ধর্মীয় গুরুরা সে সময় মিয়ানমার থেকে এই কচ্ছপ রামুতে নিয়ে আসেন।
এতগুলো ঠাকুর কচ্ছপ কোথায় গেল জানতে চাইলে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি বঙ্কিম বড়ুয়া বলেন, ধ্বংসস্তূপের ওপর সেনাবাহিনী যখন নতুন অবকাঠামো নির্মাণ শুরু করেন, তখনো ঠাকুর কচ্ছপগুলো দেখা গেছে। কিন্তু হামলার এক বছর পূর্তি হওয়ার দিন থেকে লালচিং ও সাদাচিং বৌদ্ধবিহারে ঠাকুর কচ্ছপ দেখা যাচ্ছে না। এ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় অনেকের অনুমান, কচ্ছপগুলো পাশের জঙ্গলে চলে গেছে।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আগে বিহারের খোলা মাঠে হাঁটু সমান উচ্চতার ঘাস ছিল। কচ্ছপগুলো সেখানেই থাকত। কিন্তু নতুন বিহার তৈরির পর সেই ঘাসে ভরা মাঠ আর নেই। ইটপাথরে মাঠ ঢাকা পড়ায় কচ্ছপগুলোর আবাসস্থল নষ্ট হয়েছে। এ কারণে সেগুলো অন্য জায়গায় চলে যেতে পারে। চলাচলের সময় শেয়াল-কুকুরও এসব কচ্ছপ খেয়ে ফেলতে পারে। বিহারে আসা অনেক পুণ্যার্থী আক্ষেপ করে বলেন, ধ্বংসস্তূপের ওপর দৃষ্টিনন্দন নতুন বৌদ্ধ বিহার পেয়ে আমরা খুশি। কিন্তু ঠাকুর কচ্ছপগুলো না থাকায় এই আনন্দ স্থায়ী হচ্ছে না।