‘ঠান্ডায় আর বাঁচি না’
শুক্রবার রাত সাড়ে ১২টা। নগরের কোর্টবিল্ডিং চত্বরের ফুটপাতে চারটি শীর্ণকায় হাত বের হয়ে আছে। কিছুক্ষণ পরপর তীব্র শীতে সাদা হয়ে যাওয়া পাংশুটে মুখে এদিক-ওদিক তাকিয়ে ছেঁড়া কাঁথায় আবার মুখ লুকাচ্ছে দুই শিশু। কাঁথার মধ্যেই স্পষ্ট বোঝা যাচ্ছে, ছোট্ট দুটি শরীরের কাঁপুনি। পাশে ছেঁড়া শাড়ি জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছেন মা নাসরিন বেগম। শীত নিবারণে এর চেয়ে বেশি কিছু নেই তাঁর। কথা বলার জন্য কাছে যেতেই হুড়মুড় করে উঠে পড়েন। মনে করছিলেন শীতবস্ত্র দিতে কেউ এসেছেন। পরক্ষণে চোখেমুখে রাজ্যের হতাশা। নাসরীন বলেন, ‘ঠান্ডায় আর বাঁচি না। হের পরও কেউ আহেনা। একখান কম্বল যদি পাইতাম। তয় পোলাপাইন গুলানরে অন্তত শীতের তন বাঁচাইতে পারতাম।’এবার আগাম জেঁকে বসা শীত নাসরিন বেগমের মতো ফুটপাতের হাজারো মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে। নগরের পুরাতন রেল স্টেশন, বিআরটিসি মোড়, নিউমার্কেট, গরীবউল্লাহ শাহ মাজার, সিনেমা প্যালেস ঘুরে দেখা যায়, রাত যত বাড়ে মানুষগুলোর দুর্দশা তত বাড়ে। কনকনে হাওয়া যেন কাটার মতো বিঁধে শরীরে। অধিকাংশ মানুষ মধ্যরাত থেকে নির্ঘুম কাটায়। দল বেঁধে আগুন পোহায়। সিনেমা প্যালেস মোড়ে এ রকম একটি জটলায় আগুন পোহাচ্ছিলেন আবুল হোসেন, জসিম উদ্দিন ও শামসুল আলম। তাঁরা কুলির কাজ করেন। কক্সবাজারের উখিয়ায় তাঁদের বাড়ি। রাতে থাকার কোনো জায়গা নেই। ফুটপাতেই ঘুমান। তাঁরা জানান, রাতে ঘুমানোর কোনো সুযোগ নেই। চাইলেও পারা যায় না। শীতের যে অবস্থা তাতে ঘুম আসে না। আগুন না জ্বালালে মারা যেতে হবে।আমানত শাহ মাজারের পাশে দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব ভিক্ষুক সাইফুল ইসলাম শীতে কাঁপছেন। গায়ে জড়ানো চাদর দেখিয়ে বলেন, ‘এটি গত বছরের পাওয়া। এ বছর এখন পর্যন্ত শীতবস্ত্র পায়নি।’ জানা যায়, এ বছর এখনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি। বাসাবাড়ি থেকে ব্যক্তিগতভাবে অল্পকিছু শীতের কাপড় বিতরণ করা হয়। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পুরাতন রেল স্টেশনে অনেক লোকের ভিড়ে দেখা মিলল ছিন্নমূল শিশু মো. নাসির, জাহিদুল ইসলাম ও মো. হাসানের সঙ্গে। তারা অপরাজেয় বাংলাদেশের পিকার প্রকল্পে পড়ালেখা করে। মূল কাজ স্টেশনে কুলিগিরি করা। রাতে শ্রান্ত দেহে স্টেশনের এককোণে ফুটপাতে ঘুমায়। নাসিরের স্বপ্ন সে পড়ালেখা করে বড় হয়ে টিভিতে অভিনয় করবে। ঠান্ডা মাটিতে শতছিন্ন চাদরের নিচে শুয়ে তার স্বপ্নের চাকা ঘুরে। সূর্য ওঠার অপেক্ষায় কেটে যায় রাত। সারা দিনের কাজ শেষে তৈরি হতে হয় আরেকটি দুঃসহ রাতের জন্য।