‘ডাক্তাররা আসেন দেরিতে চলে যান আগেভাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টা। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগে রোগীর ভিড়। চারদিকে হইচই। সবার অপেক্ষা চিকিৎসকের। কিন্তু চিকিৎসকের দেখা নেই। অবশেষে তাঁরা এলেন বেলা ১১টার দিকে। ততক্ষণে রোগীর সংখ্যা দেড় শ ছাড়িয়ে গেছে। ৮ জুলাই সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে এ দৃশ্য চোখে পড়ে।রোগী ও হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, চিকিৎসকেরা প্রতিদিনই আসেন ১১টার দিকে। চলে যান বেলা দেড়টায়। রোগী বেশি হলে অনেককে বলেন পরের দিন আসতে। ফলে পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছে না হাসপাতালে আসা লোকজন।পারুয়া ইউনিয়নের কাটাখালী গ্রাম থেকে আসা আমির হোসেন (৫৪) বলেন, ‘ডাক্তরঅল হাসপাতালত আইয়্যি দেরিগরি আর যায়দে সঅরে (ডাক্তাররা হাসপাতালে আসেন দেরি করে, চলে যান আগেভাগে)। আর আইয়ুনর পর তাড়াহুড়া গরে।’আমির হোসেনের মতো একই কথা বলেন ফাতেমা বেগম (৩৪), শারমিন আকতার (২১), আলী আকবর (৪৭), মফিজুর রহমান (৫১), মমতাজ বেগমসহ (৩১) অন্য রোগীরাও। তাঁরা বলেন, চিকিৎসকদের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহান রোগীরা। অনেকে দুর্গম গ্রাম থেকে আসেন। চিকিৎসক দেখিয়ে ফিরতে দুপুর গড়িয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে আটটা থেকে নয়টায়রোগীরা হাসপাতালে আসেন। কিন্তু এ সময় শুধু জরুরি বিভাগ ছাড়া সব চিকিৎসকের কক্ষের দরজা বন্ধ থাকে। জরুরি বিভাগে চিকিৎসা করাতে ১০০ থেকে ১৫০ টাকা ফি দিতে হয়। এর ফলে টিকিট নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার অপেক্ষায় থাকেন রোগীরা। এদিকে বহির্বিভাগে সকাল নয়টার আগে টিকিট দেওয়া হয় না। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২০০ রোগী চিকিৎসা নিতে আসে। অন্তঃবিভাগে ৫০ শয্যার অতিরিক্ত রোগী ভর্তি থাকে প্রায় সময়। যাদের চিকিৎসাসেবার জন্য ২০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এর মধ্যে তিনজন চিকিৎসকের বাড়ি রাঙ্গুনিয়ায়। বাড়ি থেকে হাসপাতালে আসা-যাওয়া করেন তাঁরা। বাকি চিকিৎসকেরা থাকেন চট্টগ্রাম শহরে। এ কারণে শহর থেকে কোনো চিকিৎসক সকাল সাড়ে ১০টা বা ১১টার আগে হাসপাতালে আসতে পারেন না। আবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে চলে যান তাঁরা। ৮ জুলাই সরেজমিনে দেখা যায়, সকাল নয়টায় শতাধিক রোগী টিকিট হাতে হাসপাতালের বারান্দায় ঘোরাঘুরি করছে। অনেকে যন্ত্রণায় কাতরাচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া শুরু করেন। চিকিৎসক আবদুল জলিল ও ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুমন বড়ুয়া হাসপাতালে আসেন সকাল সাড়ে ১০টায়। আরও নয়জন চিকিৎসক আসেন বেলা ১১টার দিকে। এ ছাড়া ছয়জন চিকিৎসক ছুটিতে আছেন বলে জানা যায়। দুজন চিকিৎসক বেলা ১১টায়ও আসেননি। দেরিতে আসা প্রসঙ্গে চিকিৎসক পলাশ চন্দ্র বণিক বলেন, ‘কাগজে কলমে সকাল আটটা থেকে আড়াইটা পর্যন্ত রোগীদের চিকিৎসা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সকাল আটটায় আসতে হলে চিকিৎসকদের ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে, অন্যথায় চট্টগ্রাম শহর থেকে সময়মতো আসা কারও পক্ষেই সম্ভব নয়।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ‘রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসকেরা থাকতে চান না। শহর থেকে কাছে হওয়ায় শহরে থাকেন চিকিৎসকেরা। ফলে আসতে একটু দেরি হয়। কিন্তু রোগী না দেখে ফেরেন না কোনো চিকিৎসক।’ এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়ার সরকারি নিয়ম রয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, ‘দেরিতে আসা আর নির্দিষ্ট সময়ের আগে চলে যাওয়া সম্পূর্ণ অনিয়ম। এ কারণে রোগীদের কষ্ট পাওয়া কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’