‘ডার্টি ওয়ারের’ পাপমোচন
শ্রদ্ধা, শোক আর ক্ষোভের মিশ্র অনুভূতি নিয়ে গত মার্চে ‘ডার্টি ওয়ার’-এর আরেকটি বার্ষিকী উদ্যাপন করল আর্জেন্টিনার মানুষ। ৩৫ বছর আগের ওই ঘটনা নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি। রাজধানী বুয়েনস এইরেসে রাষ্ট্রপতির প্রাসাদের বাইরে প্রতি বৃহস্পতিবার সন্তানহারা মায়েরা বিক্ষোভ করেন। আর্জেন্টিনায় ২৪ মার্চ এখন ছুটির দিন। দেশের মানুষ গণতন্ত্র উদ্যাপনে এদিন এক সমাবেশে যোগ দেয় আর স্মরণ করে জান্তার অপহরণ, নির্যাতন আর হত্যার শিকার ৩০ হাজার মানুষকে। ১৯৭৬-এর ২৪ মার্চ আর্জেন্টিনার সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ওই দুঃশাসনের স্থায়িত্বকাল ছিল সাত বছর। সামরিক বাহিনীর ওই সময়কার অপতৎপরতা দেশটির ইতিহাসে ‘ডার্টি ওয়ার’ নামে পরিচিতি পেয়েছে। কিন্তু ধীরে হলেও ন্যায়বিচারের একটি প্রক্রিয়া চলছে। বিশেষ করে সেনাশাসনের রূপকারদের এখন জাতির সামনে প্রকাশ্যে তাঁদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে বাধ্য করা হচ্ছে। বুয়েনস এইরেসের আদালতের বিচারপ্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দুই সেনাশাসক হোর্হে ভিদেলা ও রেইনালদো বিগনন আর তাঁদের ছয় সহযোগীর বিচার চলছে এখন। বহু আর্জেন্টিনীয় মনে করেন, দুনিয়ার অনেক দেশেই মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা ঘটলেও ১৯৭০-৮০-র দশকে এরা যে নিষ্ঠুরতার নজির দেখিয়েছে, তা জঘন্যতম। শীর্ষ সেনা কর্মকর্তা ভিদেলা ও বিগননের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের নির্দেশে বন্দী গর্ভবতী নারীদের শিশু ভূমিষ্ঠ হলেই কেড়ে নেওয়া হতো। সরকারের সমর্থক নিঃসন্তান দম্পতিদের দিয়ে দেওয়া হতো ওই শিশুদের। ওই হতভাগিনী মায়েদের অনেককে এ সময় হত্যাও করা হয়েছে। তাঁদের মৃতদেহ বিমান থেকে প্লেট নদীতে ছুড়ে ফেলা হতো। জান্তা সরকারের বিভিন্ন রকম অন্যায়ের মোট ৩৪টি মামলার বিচার চলছে এখন।কারাবন্দী অবস্থায় ভূমিষ্ঠ নবজাতককে হারানো মায়েদের সংগঠন দ্য গ্র্যান্ডমাদার্স অব দি প্লাজা ডি মায়ো। তাঁরা এ পর্যন্ত ১০০টি চুরি যাওয়া বাচ্চার খোঁজ পেয়েছেন, যাদের বয়স এখন ২৭, ২৮ থেকে ৩০-এর কোঠায়। ওই শিশুদের যাবতীয় পরিচিতি মুছে ফেলা হয়েছিল। তাদের যাঁরা দত্তক নিয়েছিলেন, তাঁরাও বেশির ভাগই পালিত সন্তানদের কাছে সত্য গোপন রেখেছিলেন। দ্য গ্র্যান্ডমাদার্স অব দি প্লাজা ডি মায়ো নিশ্চিত করেছে, এই প্রক্রিয়ায় সে সময় ৪০০-রও বেশি বাচ্চা চুরি হয়েছিল। এদিকে অভিযুক্ত ব্যক্তিরা কেউই আদালতে অপরাধ স্বীকার করতে রাজি হননি। তাঁদের পক্ষে বক্তব্য দেন আইনজীবীরা। আগে থেকে তৈরি করা লিখিত ওই বক্তব্যে তাঁরা কোনো শিশু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেন। অভিযুক্ত ব্যক্তিদের সবাই বলেছেন, তাঁরা প্রেসিডেন্ট ইজাবেল পেরনকে উৎখাত করেছিলেন, কারণ তিনি সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলায় হিমশিম খাচ্ছিলেন। চরম বাম ও ডানপন্থী দলগুলোর মধ্যে প্রতিদিনই পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটছিল। তবে স্থিতিশীলতা প্রতিষ্ঠার অজুহাত দিলেও সেনাশাসকেরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, বিশেষ করে যুবসমাজের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিদের সবার বয়সই এখন আশির কোঠায়। অনেককেই চেয়ারে বসতে গেলেও জেলরক্ষীদের সাহায্য নিতে হয়। সেনাশাসনের সময় ৫৬ জনকে অপহরণ, নির্যাতন ও হত্যার দায়ে ৮৩ বছর বয়সী রেইনালদো বিগননের এর আগে গত বছরই ২৫ বছরের কারাদণ্ড হয়। মানবতার বিরুদ্ধে অসংখ্য অপরাধ ঘটানোর দায়ে ইতিমধ্যেই ভিদেলার দু-দুবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দ্য গ্র্যান্ডমাদার্স অব দি প্লাজা দি মায়ো ও তাদের আইনি দল ১৪ বছর ধরে এই মামলাগুলো সাজিয়েছে। আদালত প্রায় ৪০০ সাক্ষীর বক্তব্য শুনবেন বলে ধারণা করা হচ্ছে। আট মাস থেকে এক বছর পর্যন্ত মামলাগুলো চলতে পারে। বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর পরই কয়েকজন শীর্ষস্থানীয় সেনা কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু প্রথম দুজন বেসামরিক রাষ্ট্রপতি সেনাবাহিনীকে ক্ষমা ঘোষণা করেন। এতে একসময় বিচার বন্ধ হয়ে যায়।বিচারপ্রক্রিয়া আবার শুরু হয় ২০০৩ সালে। নেসটর কির্চনার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর। আদালত একটা অভূতপূর্ব সিদ্ধান্ত দিলেন, রাষ্ট্রীয় টিভি বিচারপ্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে, যেন বিপুলসংখ্যক মানুষ তা জানতে পারে। শেখ সাবিহা আলম