‘ডিজিটাল বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উৎসব
অধ্যক্ষ ফজলুল হকের ডিজিটাল বাংলাদেশ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে। ২১ মে বিকেলে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। আলোচনা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ওবায়দুল করিম, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম, আইএমএস গ্রুপের চেয়ারম্যান আবুল বশর ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এমএ বকর। অনুভূতি ব্যক্ত করেন বইয়ের লেখক ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের সচিব রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালন করেন আবৃত্তিকার আয়েশা হক। গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। আবু জাফর চৌধুরী বলেন, দেশ পরিচালনায় রাষ্ট্র প্রশাসনে যাঁরা আছেন তাঁদের দিকনির্দেশনায় এ বই ভূমিকা রাখবে। ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের সরকারি ঘোষণা বাস্তবায়নে এ বই থেকে চিন্তা-ভাবনা এবং তথ্য পাওয়া যাবে।ওবায়দুল করিম বলেন, পশ্চিমা সংস্কৃতির আদলে নয় দেশকে ডিজিটাল দেশে রূপান্তরে নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। তিনি সমাজ ও পরিবেশ বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া যাবে না মন্তব্য করেন।আনোয়ারা আলম বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ চাই অথচ প্রশাসন এখনো এনালগে।’ আবু সুফিয়ান লেখকের উজ্জ্বল ও দীপ্তিময় ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, সাধারণ জনগণের কাছে ডিজিটাল বাংলাদেশের অস্পষ্টতা দূরীকরণে এ ধরনের বইয়ের গুরুত্ব অপরিসীম।