'ডোনাল্ড বংশের মুখে চুনকালি দিয়েছে ট্রাম্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রস‍+আলো মুখোমুখি হয়েছিল বিখ্যাত কার্টুন চরিত্র ডোনাল্ড ডাকের। এক ডোনাল্ড সম্পর্কে আরেক ডোনাল্ড কী বললেন?

সাক্ষাৎকার নিয়েছেন আবদুল্লাহ মামুর

রস‍+আলো: জনাব ডোনাল্ড ডাক, কেমন আছেন?

ডোনাল্ড ডাক: ভালো আর থাকতে দিলেন কই আপনারা? বেশ তো ছিলাম সুখেই। ব্যাটা ডোনাল্ড ট্রাম্প আসার পর পাত্তাই পাচ্ছি না! আগে গুগলে ডোনাল্ড লিখলেই আমার নামধাম সব চলে আসত। আর এখন আসে ওই ট্রাম্পের সবকিছু!

র. আ.: নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়টা আপনি কীভাবে দেখছেন?

ডো. ডা.: ডোনাল্ড বংশের ভরাডুবি হিসেবে! আমিও ডোনাল্ড, সে-ও ডোনাল্ড। আমি মানুষকে হাসাই। সে-ও মানুষকে হাসাতেই নির্বাচনে নেমেছিল। কিন্তু দেখেন, পাবলিক কেমন খেপে গেল! ডোনাল্ড বংশের মুখে চুনকালি দিয়েছে ট্রাম্প।

র. আ.: সবচেয়ে দুঃখ লাগে কখন?

ডো. ডা.: আগে ক্রিকেটে কেউ শূন্য রানে আউট হলে সবাই বলত, ‘ডাক মেরেছে’। ফলে কথাটা শুনলে নিজের নামের পরের অংশটার জন্য খারাপ লাগত। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমার নামের প্রথম অংশটার জন্যও খারাপ লাগছে ইদানীং!

র. আ.: ধরুন, ডোনাল্ড ট্রাম্প নয়, আপনিই নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে। প্রথমেই কী করতেন?

ডাক: ক্রিকেট থেকে ‘ডাক মারা’ কথাটা উঠিয়ে দিয়ে ‘ট্রাম্প মারা’ বসিয়ে দিতাম!

র. আ.: হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে কী হতো বলে আপনার মনে হয়?

ডো. ডা.: হিলারি প্রেসিডেন্ট হলে আমার সাক্ষাৎকার নিতেন না। তা ছাড়া মাঝেমধ্যে জরুরি মুহূর্তে হোয়াইট হাউসে নিজেকে আবিষ্কার করে বিল ক্লিনটন নিজেকে প্রেসিডেন্ট ভাবতে শুরু করতেন।

র. আ.: আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।

ডো. ডা.: আরে, এ আর এমন কী! তা ইয়ে মানে...কোন চ্যানেলে দেখাবে এটা? টিভিতে যখন দেখাবে বাচ্চারা একটু দেখত...এই আর কী! বোঝেনই তো!

র. আ.: এটা কোনো টিভি চ্যানেলে দেখাবে না, ডাক সাহেব! টিভি তো ট্রাম্পের দখলে...

ডো. ডা.: দূর মিয়া! দূরে গিয়ে মরেন! আজাইরা সব!