‘ঢেউ দেখলেই বুক কাঁপে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলিল বকস, সায়রা খাতুন, ছকিনা খাতুন, রোশা আকতারের চোখের সামনেই তলিয়ে যাচ্ছে তাঁদের বসতঘর। মাটির তৈরি (গুদামঘর) এসব ঘরের অর্ধেক ইতিমধ্যে তলিয়ে গেছে। বাকিটাও তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তাই ঢেউ দেখলেই বুক কেঁপে ওঠে ভান্ডালজুড়ি খালপাড়ের জ্যৈষ্ঠপুরা এলাকার এসব মানুষের। আল্লাহকে ডাকেন আর কেঁদে কেঁদে বুক ভাসান রাত-দিন। একই দশা পাশের বড়ুয়াপাড়ার রানীবালা, সুকুমার, কাজল, বাবুল, সাধন এবং জেলেপাড়ার অধীর জলদাস, সুধীর দাস, মিরাদাস, শুকলাল চক্রবর্তীসহ অসংখ্য লোকের। একদিকে কর্ণফুলী নদী, অন্যদিকে এর শাখা খাল ভান্ডালজুড়ির দ্বিমুখী ভাঙনে তলিয়ে যাচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। নিঃস্ব হচ্ছেন অনেকে। এই বর্ষায় ভান্ডালজুড়ির ভাঙন তীব্র হওয়ায় এলাকার অন্তত পাঁচ হাজার মানুষ এখন বড় অসহায় হয়ে পড়েছেন।খালপাড়ের বাসিন্দা অশীতিপর রানীবালা বড়ুয়া হতাশ কণ্ঠে বলেন, ‘সর্বনাশা ভান্ডালজুড়ি আমার বসতঘর তিনবার কেড়ে নিয়েছে। এখন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে যাচ্ছে।’ এ রকম ভয়াবহ অবস্থা উপজেলার জ্যৈষ্ঠপুরা ছাড়াও চরণদ্বীপ, কধুরখীল, পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরাসহ পাঁচ ইউনিয়নের খালসংলগ্ন এলাকার। সব হারিয়ে নিঃস্ব হয়ে এসব এলাকার অনেকেই আশ্রয় নিয়েছেন পাহাড়ের পাদদেশে অবস্থিত আশ্রয়ণ, আবাসন ও গুচ্ছগ্রাম প্রকল্পে।সরেজমিনে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভান্ডালজুড়ি, খরণদ্বীপ, ভারাম্বাঘাট, হরিশচন্দ্র মুনসির ঘাট, জ্যৈষ্ঠপুরা, জেলেপাড়া, বড়ুয়াপাড়া; চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালি, মতিউল্লাহঘাট, নোয়া রাস্তার মাথা, মসজিদঘাট, বড়ুয়াপাড়া, মহলা খালের মুখ; কধুরখীল ইউনিয়নের গুলদাখালি, নাজিরখালি, জামতল, চৌধুরীহাট, বালুখালি; পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের কালুরঘাট, চরখিজিরপুর, নব্বইখালি ও চরখিদিরপুর এলাকায় একই চিত্র দেখা গেছে। পশ্চিম গোমদণ্ডীর ননাইয়ারমার ঘাট, দুমুখো খাল, টেক্সঘর, চরখিজিরপুর ও শাকপুরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়ও চলছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, ইতিমধ্যে কধুরখীল ও চরণদ্বীপের চারটি ভাঙন স্থানে সিসি ব্লক দিয়ে ঢালাই করা হয়েছে। তবে দেখা গেছে, ঢালাইয়ের স্থানে স্থানে ব্লক সরে গিয়ে ফের ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় চার দশক থেকে কর্ণফুলী ভাঙছে। গত পাঁচ বছরে পাঁচ ইউনিয়নের সহস্রাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। দেড় হাজার পরিবার গৃহহারা হওয়ার পথে। চলতি বর্ষা মৌসুমে অন্তত তিন শ পরিবার গৃহহারা হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। কধুরখীল এলাকার ব্যবসায়ী ওমর সেলিম জানান, ভাঙনে শতাব্দীর প্রাচীনতম চৌধুরী হাট, খাদ্যগুদামসহ নানা স্থাপনা ভেঙে গেলেও তা প্রতিরাধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চরণদ্বীপ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, পাঁচ বছরে সাবেক সাংসদ সিরাজুল ইসলামের বাড়িসহ এই এলাকার শতাধিক বাড়ি তলিয়ে গেছে। কিছু স্থানে ব্লক ঢালাই করা হলেও তা পরিকল্পিত না হওয়ায় নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।জ্যৈষ্ঠপুরা এলাকার বাসিন্দা মোজাম্মেল হক জানান, কর্ণফুলী নদী ও ভান্ডালজুড়ি খালের মোহনা হওয়ায় ভাঙন তীব্র হয়েছে জ্যৈষ্ঠপুরা এলাকায়। এ ছাড়া, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢল ও কর্ণফুলীর অস্বাভাবিক জোয়ারের তোড়ে ভাঙন বাড়ছে। স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০ বছর ধরে ভাঙন রোধে কোনো সরকার এগিয়ে আসেনি। শুধু নির্বাচন এলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ভোট হাতিয়ে নেন নেতারা। জানা যায়, ১৯৯৯ সালে তৎকালীন সরকারের পানি সম্পদমন্ত্রী আবদুর রাজ্জাক ও শ্রমমন্ত্রী এম এ মান্নান ২০০২ সালের ১৭ আগস্ট জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী (স্থানীয় সাংসদ) এম মোর্শেদ খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এলাকায় এসে ভাঙন রোধের আশ্বাস দেন। কিন্তু কোনো আশ্বাসই বাস্তবায়ন হয়নি। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোকারম বলেন, ‘জ্যৈষ্ঠপুরা এলাকার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ উদ্যোগী হয়েছেন। দুই কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।’ পানি উন্নয়ন বোর্ড মদুনাঘাট বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নুরুল আবছার আজাদ প্রথম আলোকে বলেন, ‘কর্ণফুলী ও হালদা নদীর ভাঙন রোধে ২৭৯ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে। একনেক সভায় অনুমোদনের পর বোয়ালখালী, হাটহাজারী ও রাউজান উপজেলার সংশ্লিষ্ট এলাকার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।’