‘তথ্যপ্রযুক্তি বাদ দিয়ে উন্নয়নের অংশীদার হওয়া সম্ভব নয়’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান বলেছেন, ‘বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি বাদ দিয়ে বিচ্ছিন্নভাবে বাস করলে কারও পক্ষে উন্নয়নের অংশীদার হওয়া সম্ভব নয়। একঘরে হয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বপ্ন দেখি চমৎকার একটি দেশ গড়ার। আর এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই আমরা সামনে এগিয়ে যেতে পারব।’ গত বৃহস্পতিবার ‘ডিজিটাল বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী। মূল প্রবন্ধ পড়েন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি তৌফিক সাঈদ। এহসানে এলাহী বলেন, ডিজিটাল বাংলাদেশ অর্থ কেবল প্রযুক্তির রূপকল্প নয়, আর্থ-সামাজিক উন্নয়নের রূপকল্পও। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, মানুষের সৃজনশীলতা ও সক্ষমতার বিকাশ। তিনি প্রযুক্তিসেবা গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউআইএসসির (ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার) গুরুত্ব তুলে ধরেন। এসব কেন্দ্র থেকে চাষি, শিক্ষার্থী, প্রবাসীদের স্বজন, চাকরিপ্রার্থী—সবাই বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান তিনি। মূল প্রবন্ধে তৌফিক সাঈদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে সহজে সেবা পাওয়া। আমাদের এ স্বপ্ন পূরণে আইসিটি অবকাঠামো, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, তথ্যপ্রযুক্তির জ্ঞান, বিদ্যুতের অভাব ইত্যাদি প্রতিবন্ধকতা দূর করা দরকার। ফয়েজ আহম্মদ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জনপ্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।