চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
'তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে'

সময়ের সঙ্গে দ্রুত অগ্রসর হচ্ছে প্রযুক্তি। অটোমেশন বা স্বয়ংক্রিয়তা ধীরে ধীরে দখল করছে শ্রমঘন শিল্পের বাজার। যেখানে আগে একটি কাজের জন্য প্রয়োজন হতো ১৫ জন শ্রমিক, এখন সমপরিমাণ কাজ করে দিচ্ছে একটি স্বয়ংক্রিয় যন্ত্র। উন্নত বিশ্বে প্রযুক্তির উত্থান ঘটলেও বাংলাদেশ এখনো পিছিয়ে। এ জন্য তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
নগরের চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) প্রকৌশল অনুষদ আয়োজিত ‘হ্যাকাথন’–বিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে মানসিকতার পরিবর্তন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ দিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
৪ মে দুপুরে সিআইইউর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ ইফতেখার।
সিআইইউর প্রকৌশল অনুষদের শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রেজাউল হক খান, আতিকুর রহমান, এমরান হারুন, রুবেল সেনগুপ্ত, মো. সাজ্জাতুল ইসলাম, গোলাপ কান্তি দে প্রমুখ।
আরিফ ইফতেখার বলেন, ‘পাশের দেশ ভারত ও থাইল্যান্ডে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেই প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা সরাসরি শিল্পে কাজ করার যোগ্যতা অর্জন করেন। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা এখনো সেভাবে প্রস্তুত নয়। তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাঁরা এ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন।’
একাডেমি ও শিল্পের মধ্যে বিস্তর ফারাক আছে উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষায় শুধু সিজিপিএ ৪ পেলে হবে না। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সিজিপিএর পাশাপাশি যাদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে কর্মক্ষেত্রে তারা অগ্রাধিকার পায়।
প্রযুক্তির উৎকর্ষের এ যুগে বাংলাদেশের রপ্তানির প্রধান খাত পোশাকশিল্প টিকে নাও থাকতে পারে উল্লেখ করে আরিফ ইফতেখার বলেন, ‘প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে সস্তা শ্রমভিত্তিক পোশাকশিল্প দিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না। কারণ এখন স্বয়ংক্রিয় যন্ত্র মানুষের জায়গা দখল করে নিচ্ছে। তাই আমাদের আরও উদ্ভাবনশীল হতে হবে।’
কর্মশালায় আরিফ ইফতেখার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে প্রকৌশল অনুষদের ছাত্রছাত্রীরা অংশ নেন।