'তথ্যপ্রযুক্তির এ যুগেও জ্ঞান অর্জনে বই পড়তে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তির এ যুগেও জ্ঞান অর্জনে বই পড়তে হবে। জ্ঞানের সমস্ত আহার বরফের মতো জমা রয়েছে পাঠাগারে। জ্ঞান অর্জনের জন্য পাঠাগারের বিকল্প নেই। বই পড়ার অভ্যাস করতে হবে। পাঠাগারের গুরুত্ব আমি বুঝি। এই পাঠাগারই আমাকে সৃষ্টি করেছে।’

গত ২৭ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের দুর্গম চংড়াছড়ি মনের মানুষ এলাকায় ‘সাঙু পাঠাগার’ ও ‘চাঙমা সাহিত্য বা’ আয়োজিত চাকমা বর্ণমালা ও ভাষা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্যিক ও একুশে পদকপ্রাপ্ত লেখক বিপ্রদাশ বড়ুয়া এসব কথা বলেন। ওই দিন চংড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উত্তর রেংক্যার্যা উচ্চবিদ্যালয় ও রেংক্যার্যা উচ্চবিদ্যালয়ে চাকমা বর্ণমালা ও ভাষা কোর্স শুরু হয়।

তিনি বলেন, ‘যেখানে পুরোনো পাঠাগার বন্ধ হয়ে যাচ্ছে সেখানে অজপাড়া গাঁয়ে পাঠাগার গঠন ও কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে।’

চংড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঙু পাঠাগারের সভাপতি ইনজেব চাকমা। বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপপরিচালক সুসময় চাকমা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা, সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা দেবপ্রিয় চাকমা, বাংলাদেশ আদিবাসী কবি পরিষদের সভাপতি কে ভি দেবাশীষ চাকমা, সাঙু পাঠাগারের সহসাধারণ সম্পাদক জয়সেন চাকমা প্রমুখ।