'তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রধান হাতিয়ার তাদের জনশক্তি, যার একটি বিশাল অংশজুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সবার।
দৃষ্টি স্কুল অব ডিবেটের ১৯তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১৩ মে নগরের একটি রেস্তোরাঁর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রেজারার সরোয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সহকারী সম্পাদক কামরুল হাসান ও শাপলা কুঁড়ির আসর চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সাইফ চৌধুরী, সহসভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দীন মুন্না, জুনায়েদ কৌশিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত, সম্পাদকমণ্ডলীর সদস্য ঊর্মি আচার্য, শমীক বড়ুয়া, সহসম্পাদক মুন্না মজুমদার, রিদোয়ান আলম, সৌরভ নাথ, অনির্বাণ বড়ুয়া, সালমা আক্তার প্রমুখ।
সরোয়ার জাহান শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন সুন্দর মনের স্ফুরণ ঘটায়, তেমনি পরিশীলিত চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে বিতর্ক একটি শক্তিশালী মাধ্যম।
অন্য বক্তারা বলেন, স্বাধীনতা–পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের অন্যতম চালিকাশক্তি ছিল তরুণ প্রজন্ম। তাদের উদ্যমী শক্তি ও দেশপ্রেম বাংলাদেশকে বেড়ে উঠতে সাহায্য করেছিল। এ ছাড়া বিশ্বে বাংলাদেশের আজ যে জয়জয়কার, তার মূলেও কিন্তু আছে তরুণেরাই।
বক্তারা আরও বলেন, অপসংস্কৃতি, জঙ্গিবাদ আজ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তা থেকে মুক্তির একমাত্র উপায় যুক্তিবাদী সমাজ গঠন করা। এটি অর্জন করা যাবে বিতর্ক চর্চার মাধ্যমে। কারণ, যুক্তি মানুষকে সৎ ও নীতি-নৈতিকতার কাছে আপসহীন হতে শেখায়।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল বলেন, শিক্ষার্থীরাই দৃষ্টির সব কর্মকাণ্ডের প্রাণশক্তি। দৃষ্টি বিশ্বাস করে সুশিক্ষিতরাই আলোকিত মানুষ।
আলোচনা শেষে চার মাসব্যাপী পরিচালিত স্কুল অব ডিবেটের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের কৃতিত্বের সম্মাননাস্বরূপ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় ১৫টি স্কুলের ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।