‘খাঁচার ভিতর অচিন ঋষি’ শিরোনামে প্রদর্শনীর মূল উদ্যোক্তা ছিলেন ইতালিয়ান আলোকচিত্রী জিওভান্নি দিফিদেন্তি এবং স্থাপনাশিল্পী লরা মরেলি। তাঁরা শুনিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকার: ইকবাল হোসাইন চৌধুরী আপনাদের দিই প্লাস সংগঠনটি কী ধরনের কাজ করে?দিই প্লাস একটি অলাভজনক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। মূলত সাম্প্রতিককালের শিল্পকর্ম ও আলোকচিত্র নিয়ে এর কাজ। মিলানভিত্তিক এই সংগঠন এর আগে ইতালি, লাওস, বলিভিয়া, মালি ও মালাওয়িতে কাজ করেছে।ঋষি সম্প্রদায়ের সঙ্গে আপনাদের পরিচয় কীভাবে? ঢাকায় আসার আগে আসলে আমাদের ঋষি সম্প্রদায় সম্পর্কে পরিষ্কার কোনো ধারণাই ছিল না। পরিত্রাণ নামে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে আমাদের তাদের সঙ্গে পরিচয়। প্রদর্শনীর আগে আমরা দীর্ঘ পাঁচ মাস ঋষি লোকজনকে জানার চেষ্টা করেছি। ঢাকা, সাতক্ষীরা, ঝিনাইদহসহ বিভিন্ন জায়গার ঋষিপাড়ায় আমরা গিয়েছি। তাদের খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি। এই প্রদর্শনীতে আমরা ঋষি সম্প্রদায়ের ৩৫০ জন মানুষকে যুক্ত রেখেছি। প্রদর্শনীকক্ষের শুরুতেই একটি খাঁচা। এই খাঁচা কি কোনো বিশেষ অর্থ বহন করে?এই খাঁচা আসলে একটি অদৃশ্য গণ্ডির কথা মনে করিয়ে দেয়। যার মধ্যে ঋষি সম্প্রদায় নিজেরাই নিজেদের বন্দী করে রাখতে চায়। আমি লক্ষ করেছি, সব সময় তারা নিজেদের কেমন যেন আড়ালে রাখতে চায়। তাদের অনেকের মধ্যে আত্মবিশ্বাসের খুব অভাব দেখেছি। অতীতের ‘নিচু জাত’ অপবাদ হয়তো তাদের এখনো তাড়া করে ফেরে। তাদের দমিয়ে রাখতে চায়। ঋষিপাড়ায় ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল?ঢাকার লালবাগের দুটো ঋষিপাড়ায় প্রথমে আমরা গিয়েছিলাম। জায়গাটা ছিল ঘিঞ্জি আর কোলাহলপূর্ণ। মনে হচ্ছিল, ওখানকার সব মানুষই খুব জোরে কথা বলে। হয়তো বা আশপাশের বিবিধ কোলাহলই এর জন্য দায়ী। সেখানে টয়লেট বা পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। একজন মায়ের সঙ্গে আমরা আলাপ করেছি। তাঁর দুই শিশুসন্তান। তারা একটি ঘুপচি ঘরে থাকে। তারা তিনজন মিলে চকোলেট কাগজে মোড়ানোর কাজ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তারা মাত্র ৩০ টাকা পায়। মাত্র ৩০ টাকা। এই টাকা দিয়ে কীভাবে একটি পরিবারের জীবনধারণ সম্ভব? সাতক্ষীরার বেশ কয়েকটি ঋষিপাড়ায় আমরা ঘুরেছি। জুতো সেলাই, রিকশা চালানো, মানুষের ঘরবাড়ির আবর্জনা পরিষ্কার করা এই জাতীয় কাজ তারা বেশি করে। অনেক খুঁজে আমরা একটিমাত্র ঋষি মেয়েকে পেয়েছি যিনি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ঋষি সম্প্রদায়ের লোকজনের কোন দিকটি আপনাদের মুগ্ধ করেছে?ঋষিদের নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্য সবচেয়ে চোখে পড়ার মতো। তাদের নিজস্ব সংস্কৃতি মনে হয়েছে বেশ সমৃদ্ধ। এক ঋষি তরুণকে দেখে আমরা ভীষণ মুগ্ধ হয়েছি। অসাধারণ গানের গলা তাঁর। ঢোল বাজান দারুণ। ঢোল বাজাতে বাজাতে তিনি যেভাবে পাক খেয়ে ঘোরেন, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আমরা ধরেই নিয়েছিলাম, তিনি পেশাদার কোনো গায়ক বা বাদক। পরে জানলাম, তিনি রিকশা চালান। তিনি একা নন, ঋষি সম্প্রদায়ের অনেক তরুণই এ রকম প্রতিভার অধিকারী। তাঁরা একটি নাটকও মঞ্চস্থ করে দেখিয়েছেন আমাদের।ঋষিদের সামাজিক অবস্থান পরিবর্তনের কোনো আভাস কি দেখতে পেয়েছেন?তাদের প্রতি সমাজের মানুষজনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখনো কিছুটা আগের মতো আছে। আমরা দেখেছি, ঋষি সম্প্রদায়ের একটি মেয়ে অন্য বাড়িতে কাজ করেন। মাসে মোটে ১০০ টাকা পান। মালিক তাঁকে টাকাটা হাতে হাতে দেন না। টাকাটা মাটিতে রাখেন। যাতে দুজনের হাতের সঙ্গে স্পর্শ না লাগে। তবে অবস্থা এখন কিছুটা হলেও পাল্টাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্ম আর আগের মতো গণ্ডিবদ্ধ থাকতে চায় না। এখনকার অল্পবয়সী ছেলেমেয়েদের লেখাপড়ার দিকে বেশ ঝোঁক। তাদের অনেকেই স্কুল যাচ্ছে। তারা সম্ভবত দেরিতে হলেও বুঝতে পেরেছে, একমাত্র শিক্ষাই পারে তাদের জীবন বদলে দিতে। অনেক ঋষি ছেলেমেয়েই এখন স্কুলে যায়। এটি খুব ইতিবাচক একটি দিক।দুই সপ্তাহের এই প্রদর্শনী কতটুকু সফল?কতুটকু সফল সেটা বলার সময় মনে হয় এখনো আসেনি। আমরা আসলে তরুণ প্রজন্মের কাছে ঋষি সম্প্রদায়কে তুলে ধরতে চেয়েছি। প্রদর্শনীতে আসা অনেকেই বলেছেন, এ রকম একটি সম্প্রদায় আছে সেটি তো তারা জানতই না। তার মানে, ঋষি সম্প্রদায়কে জানার একটুখানি হলেও আগ্রহ তাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা ঠিক এটাই করতে চাই। জানি, রাতারাতি কোনো কিছু করা অসম্ভব। কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এই প্রদর্শনী যদি অন্তত একজন মানুষেরও ঋষি সম্প্রদায় সম্পর্কে মনোভাব পরিবর্তন করতে পারে, আমরা বলব, সেটাই আমাদের সাফল্য।লরা মরেলিইতালির বোলগনা বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্ব, শিল্প ও সংগীত বিষয়ে স্নাতক। অলাভজনক সংগঠন দিই প্লাস এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে ২০০১ সালে ভূমি মাইনে আহত ব্যক্তিদের নিয়ে করা সারভাইভর প্রজেক্ট এবং সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছেন এমন মানুষদের নিয়ে ‘ম্যাচ’ (২০০৩)। জিওভান্নি দিফিদেন্তিআলোকচিত্রী হিসেবে পেশা শুরু করেন ১৯৮৩ সালে। দ্য ইনডিপেন্ডেন্ট, নিউজউইক, দ্য সানডে টাইমস, দ্য গার্ডিয়ান-এর মতো পত্রিকা আর সাময়িকীতে ছাপা হয়েছে তাঁর আলোকচিত্র। জাতিসংঘ ও বেশ কয়েকটি ইতালীয় মানবাধিকার সংস্থার হয়ে কাজ করেছেন তিনি।