'তরুণদের হাত ধরে আসবে সম্ভাবনার আলো'
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে লেখক আড্ডায় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেছেন, ‘তরুণেরাই পারে দেশের সমাজকাঠামোকে পরিবর্তন করে দিতে। তাদের হাত ধরে আসতে পারে সম্ভাবনার আলো। আমি আশাবাদী। কখনোই হতাশাবাদীদের দলে নই।’
১৩ নভেম্বর বিকেলে নগরের প্রবর্তক সেন্টারে আয়োজন করা হয় এই লেখক আড্ডা। অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানান ইস্ট ডেল্টার প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। এই সময় উপস্থিত ছিলেন উপাচার্য মোহাম্মদ সিকান্দার খান, ডিন অব ফ্যাকাল্টিজ ওবায়দুল করিম, এমবিএ কোর্সের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন, যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ চক্রবর্তী, নর্থ উড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেবেকা চক্রবর্তী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাফায়েত চৌধুরী।
আড্ডার শুরুতেই ইমদাদুল হক মিলন তাঁর জীবনের উঠে আসার গল্প শোনান। এরপর একে একে বলে যান তাঁর প্রথম প্রেম, প্রিয় বই, লেখক হওয়ার ইতিহাস, দারিদ্র্যকে জয় করার চেষ্টা ও গণমাধ্যম নিয়ে তাঁর সাম্প্রতিক ভাবনা। মিলন বলেন, ‘সময় পেলে স্বপ্ন দেখি। এই দেশকে ভীষণ ভালোবাসি। মানচিত্রটাকে ভালোবাসি। মানুষগুলোকে ভালোবাসি। দেশের প্রতি ভালোবাসা থাকলে সমাজটা বদলে যেত।’ লেখালেখির অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, ‘বই ছাড়া আমি কিছু বুঝি না। বইয়ের সঙ্গেই আমার প্রেম। যারা লেখালেখি কিংবা মিডিয়ায় কাজ করতে চায় তাদের প্রচুর পড়াশোনা করতে হবে।’ বিজ্ঞপ্তি।