'তরুণদের হাতে বাংলাদেশের সোনালি ভবিষ্যৎ'
‘আমরা তরুণদের নিয়ে স্বপ্ন দেখি, তাদের হাতে বাংলাদেশের সোনালি ভবিষ্যৎ। তবে জীবনে বড় হতে হলে দেশপ্রেম থাকতে হবে। বাংলাদেশের অনেক মেধাবী বিশ্বের বিভিন্ন দেশে যোগ্যতার প্রমাণ দিয়ে দেশকে আলোকিত করেছেন।’
গত শুক্রবার সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। দ্রুত শিক্ষার প্রসার ঘটছে, যা জাতির জন্য অনেক বড় অর্জন।
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য আলী আশরাফ। উপস্থিত ছিলেন সাদার্ন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম, পুরকৌশল বিভাগের উপদেষ্টা মোজাম্মেল হক, বিজ্ঞান অনুষদের ডিন শরীফুজ্জামান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. নুরুল মোস্তফা বলেন, সবার প্রচেষ্টায় সাদার্ন বিশ্ববিদ্যালয় সফলভাবে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে–বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে বাংলাদেশকে উজ্জ্বল করেছে। আলোচনার পর আমন্ত্রিত অতিথিরা পুরকৌশল বিভাগের প্রকাশনা অ্যাংকর-এর মোড়ক উন্মোচন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা। বিজ্ঞপ্তি