'তরুণেরাই দুর্নীতি থেকে দেশের মানুষকে মুক্তি দিতে পারে'
দুর্নীতিবিরোধী কার্যক্রম বেগবান করার জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। তরুণেরাই দুর্নীতি থেকে দেশের মানুষকে মুক্তি দিতে পারে। দুর্নীতি প্রতিহত করতে সবার আগে নিজের বিবেক জাগ্রত করতে হবে।
২৫ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা কলেজে আয়োজিত দুর্নীতিবিরোধী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ স্লোগানে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নেন।
টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য জিয়া উদ্দিন। অনুষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করেন স্বজন সমন্বয়ক এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী।
চকরিয়া উপজেলা সনাকের সভাপতি ও ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সনাক সদস্য রুনেন্দু বিকাশ দে, ডুলাহাজারা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, প্রভাষক রমিজ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার আগে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর ‘দুর্নীতি, গণতন্ত্র ও উন্নয়নের প্রধান বাধা’ বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। প্রতি পর্বে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।