‘তহবিলের সুষ্ঠু প্রয়োগ প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার চাঙা করার জন্য সম্প্রতি পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা এবং ঋণ সমন্বয়ের জন্য চাপ প্রয়োগ করে বিক্রি বা ফোর্সড সেল না করার দাবিকে স্বাগত জানিয়েছেন বাজার-বিশ্লেষক এবং বিনিয়োগকারীদের অনেকেই। তবে কেউ কেউ মনে করেন এ উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। তা হলে বাজারে এমন বিপর্যয় দেখা দিত না। আবার কেউ বলছেন, তহবিলের কার্যকর এবং সুষ্ঠু প্রয়োগই হচ্ছে আসল কথা। তা না হলে সবই কথার কথা হয়ে যাবে। আবারও বিনিয়োগকারীদের আস্থায় ফাটল ধরবে।এ প্রসঙ্গে চট্টগ্রাম স্টক একচেঞ্জের প্রেসিডেন্ট ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তহবিল গঠনের উদ্যোগটি ভালো। তবে কার্যক্ষেত্রে এর প্রয়োগ তো এখনো হয়নি।’ তিনি মনে করেন, ‘পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য আমাদের মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর এসবের সমন্বয়ে একটি প্রক্রিয়া তৈরি হলে তা-ই হবে সবার জন্য মঙ্গলজনক।’ তাঁর মতে, ‘আমরা যদি শেয়ারবাজারকে আমাদের অর্থনীতি এবং শিল্প বিকাশের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করি তবে এখানে সব ধরনের বিনিয়োগকেই উৎ সাহিত করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথাও ভাবতে হবে। তাঁদের সুযোগ-সুবিধা দেখতে হবে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তানের দিকে তাকালেও দেখব সেখানেও এ ধরনের বিনিয়োগকারীদের গুরুত্ব রয়েছে।’ চট্টগ্রাম স্টক একচেঞ্জের পরিচালক ও আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘তহবিল গঠনের উদ্যোগটি আরও আগে নিলে লোকজনের ক্ষতি কম হতো, ভোগান্তিও কমে যেত। দেরিতে হলেও এটা শেয়ারে ইতিবাচক প্রভাব রাখবে আশা করি। তবে এখন জরুরি বিষয় হচ্ছে, তহবিলের সুষ্ঠু এবং যথাযথ প্রয়োগ।’ তহবিল গঠনের ফলে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হলো বলে মনে করেন চিটাগাং ক্যাপিটাল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক দীপক কুমার পালিত। তিনি বাজারের স্থিতিশীলতার জন্য মার্চেন্ট ব্যাংকগুলোর শেয়ার কেনার বিষয়টি তদারকির ওপর জোর দেন।