‘তাঁর কণ্ঠে ছিল মানুষের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূপেন হাজারিকা তাঁর গানের মাধ্যমে আজীবন মানুষের কথাই বলেছেন। নিপীড়িতদের জন্য লড়াই করেছেন। পল রবসনের মতো পৃথিবীময় ঘুরে বেড়িয়েছেন গান নিয়ে।৩ ডিসেম্বর বিকেল পাঁচটায় ডিসি পাহাড়ের মুক্তমঞ্চে চিটাগাং কালচারাল একাডেমি আয়োজিত ভূপেন হাজারিকা স্মরণ-সন্ধ্যায় এ কথা বলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।দুই পর্বে বিভক্ত স্মরণ-সন্ধ্যার প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে আবৃত্তি ও গান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন লেখিকা বেগম মুশতারী শফী, শিল্পী শাহরিয়ার খালেদ, কবি কামরুল হাসান বাদল ।বেগম মুশতারী শফী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভূপেন হাজারিকার গাওয়া “গঙ্গা আমার মা” দেশবাসীকে সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছিল।” কামরুল হাসান বাদল বলেন, ‘যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, ভূপেন তাঁদের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার ছিলেন।’শিল্পী শাহরিয়ার খালেদ বলেন, ‘অসমের প্রকৃতির সঙ্গে চট্টগ্রামের মিল রয়েছে। তাই ভূপেনের গান চট্টগ্রামের মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে।’দ্বিতীয় পর্বের শুরুতে আবৃত্তি করেন রাশেদ হাসান ও মিলি চৌধুরী। এরপর গান পরিবেশন করেন শিল্পী শাহরিয়ার খালেদ, আকলিমা আকতার ও গোলাম ছরওয়ার।‘আজ জীবন খুঁজে পাবি’, ‘আমি এক যাযাবর’, ‘আমায় ভুল বুঝিস না’, ‘একটি রঙিন চাদর’, ‘ও মালিক সারা জীবন’, ‘গঙ্গা আমার মা’ ও ‘প্রতিধ্বনি শুনি’সহ ভূপেনের জনপ্রিয় গান গেয়ে দর্শক মাতান শিল্পীরা। উল্লেখ্য, শিল্পী ভূপেন হাজারিকা গত ৫ নভেম্বর ৮৫ বছর বয়সে গুরুতর অসুস্থ অবস্থায় ভারতে মারা যান। তিনি ৮ সেপ্টেম্বর ১৯২৬ সালে ভারতের আসামে জন্মগ্রহণ করেন।