'তাঁর প্রেয়সী সেতার'
‘সেই প্রথম আমার মনের গহন থেকে প্রেমে পড়া। এরপর আমার আর কোনো দোটানা ছিল না, পিছু ফেরারও কিছু ঘটেনি।’ একপলক তাকানোতেই কীভাবে তিনি পণ্ডিত রবি শংকরের প্রেমে পড়ে গিয়েছিলেন অকপটভাবে সে কথা জানালেন তাঁর স্ত্রী সুকন্যা শংকর। সম্প্রতি সুকন্যার এক সাক্ষাৎকারে খোলামেলাভাবে উঠে এসেছে রবি শংকরের জীবনে নারী প্রসঙ্গ এবং তাঁর দুই কন্যা আনুশকা শংকর ও নোরা জোনসের কথাও।

পুব আর পশ্চিমের মধ্যে সংস্কৃতির সেতু গড়ে দিয়ে যারা সাত সাগর তেরো নদীর মানুষদের একত্রে মিলিয়েছেন পণ্ডিত রবি শংকর নিশ্চয়ই তাঁদের মধ্যে অগ্রগণ্য। ধ্রুপদি সংগীতের কিংবদন্তি ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁর এই শিষ্যের হাত ধরেই পশ্চিমের মানুষেরা ভারতীয় সংগীতের অনুরক্ত হয়ে ওঠেন। পণ্ডিত রবি শংকরকে সম্মান জানাতে ২৯ এপ্রিল গ্র্যামি মিউজিয়ামে শুরু হয়েছে বছরব্যাপী প্রদর্শনী ‘রবি শংকর: এ লাইফ ইন মিউজিক’। এই প্রদর্শনীর সূত্র ধরেই তাঁর তৃতীয় স্ত্রী সুকন্যা শংকরের মুখোমুখি হয় হিন্দুস্তান টাইমস। সাক্ষাৎকারটি ভাষান্তর করেছেন লিপি রানী সাহা।
পণ্ডিতজির সঙ্গে যখন আপনার প্রথম দেখা হয় তখন তো আপনি বিবাহিত। তাহলে এটা কীভাবে হলো? দু জনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে গিয়ে আপনার নিজের সঙ্গে কী নিজেকে লড়াই করতে হয়েছে?
সবাই একসময় যেমন বিয়ে করে ফেলে আমার প্রথম বিয়েটাও অনেকটা সেরকমই ছিল। তারপরও ধীরে ধীরে তাঁর প্রতি আমার ভালো লাগা তৈরি হচ্ছিল। কিন্তু পণ্ডিতজির সঙ্গে আমার প্রথম সাক্ষাতেই আমি মোহমুগ্ধ হয়ে যাই। একদিন গ্রিনউইচ কনসার্টে তিনি আমার প্রিয় একটি রাগ বাজাচ্ছিলেন। সেতার বাজাতে বাজাতেই তিনি একনজর আমার দিকে তাকালেন।ওই এক পলকই আমার জন্য যথেষ্ট ছিল, আমি তাঁর দাসী হয়ে গেলাম। সেই প্রথম আমার মনের গহন থেকে প্রেমে পড়া। এরপর আমার আর কোনো দোটানা ছিল না, পিছু ফেরারও কিছু ঘটেনি।
প্রেম যেকোনো বয়সেই হতে পারে। এর তো কোনো গণ্ডি নেই। পণ্ডিত রবি শংকরের সঙ্গে আপনার শাশ্বত প্রণয়ই তো তার প্রমাণ। কিন্তু কোন অনুপ্রেরণায় আপনি দুজনের মধ্যে ৩৪ বছরের বিশাল ব্যবধান পাড়ি দিয়েছিলেন?
প্রেমে পড়লে সত্যিই বয়স বা অন্য কিছুই আপনার মাথায় আসবে না। আমার হৃদয় ও আত্মা নিজের সঙ্গীকে খুঁজে পেয়েছিল। আমি তখনই পুরোপুরি তাঁর প্রেমে ডুবে গিয়েছিলাম। কম বয়সী কোনো পুরুষও কোনো দিন আগে আমাকে এভাবে আকৃষ্ট করেনি।
পরিচয়ের আগেও আপনি নিশ্চয় তাঁর সেতারের সুর শুনেছেন। কিন্তু সম্ভবত ১৭ বছর বয়সেই আপনি প্রথম তাঁর সঙ্গে একই মঞ্চে বাজিয়েছেন। নিশ্চয়ই তখনকার স্মৃতি এখনো উজ্জ্বল হয়ে আছে।
হ্যাঁ, ১৯৭৩ সালে রয়্যাল আলবার্ট হলে আমি তাঁর সঙ্গে তানপুরা বাজাই। সে সময় আমার হাতের নখ বড় দেখে তিনি বললেন, অনুষ্ঠানের আগেই আমার নখ কাটা উচিত।আমিও বললাম কেটে নেব। একটু পরই তিনি উঠলেন এবং নিজের নখ কাটুনি নিয়ে এসে নিজ হাতে আমার নখ কেটে দিলেন।আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। প্রতিটি মুহূর্তই আমার মনে দাগ কেটে আছে। তাঁর হাসি, তাঁর দৃষ্টি, তাঁর কথা সবই সারা জীবনের জন্য আমার হৃদয়ে গেঁথে আছে।

কোথাও পড়েছি যে অন্য নারীর সঙ্গে পণ্ডিতজির সম্পর্কে আপনি জানতেন। আপনাদের বিয়ের পরও তাঁদের কারও কারও সঙ্গে তাঁর বন্ধুত্ব অটুট ছিল।বাস্তবিকই আপনি বলেছেন,‘তাঁকে ভাগ করে নিতে আমার সমস্যা নেই’। আমার মনে হয়েছে এটা পুরোপুরিই প্রেমে আত্মদান।আপনার কি কখনো ঈর্ষা হতো না?
আমি তাঁর জীবনে আসার আগে থেকেই তাঁর একটি নিজস্ব জীবনধারা ছিল। তিনি যদি তাঁর জীবনে জড়ানো নারীদের একেকটা সম্পর্ক শেষে ত্যাগ করতেন তাহলে হয়তো আমি তাঁকে এমন শ্রদ্ধা করতে পারতাম না। কিন্তু আমি তাকে পুরোপুরিই গ্রহণ করেছিলাম। এর মানে যদি হয় অন্য নারীদের প্রতি তাঁর ভালোবাসাসহই তাঁকে গ্রহণ করা, তাহলে তা ঠিকই ছিল। যাদের তিনি ভালোবেসেছিলেন তাঁদের সঙ্গে শেষ পর্যন্তই সম্পর্ক রেখেছেন।আমাদের বিয়ের পরও তাঁদের অনেকেই বাড়িতে এসেছেন, আমাদের সঙ্গে থেকেছেন।এমনকি তিনি আমাকে ছেড়ে যাওয়ার বছরখানেক আগেও কেউ কেউ এসেছেন।আর কেউ এলে তিনি আমাকে এতটাই গুরুত্ব দিতেন যেকোনো দিন ঈর্ষান্বিত হওয়ার সুযোগই দেননি। যাঁরা তাঁর জন্য ভেবেছেন, তাঁকে ভালোবেসেছেন আমি তাঁদের শ্রদ্ধা করি।
ওই সময়টা তো খুবই রক্ষণশীল ছিল। তারপরও আপনি যা করেছেন তা এখনো অনেকের জন্য শিক্ষণীয় হয়ে আছে।ওই রকম কঠিন একটা পরিস্থিতিতে আপনাদের জীবনে এলো আনুশকা।
হ্যাঁ, খুবই কঠিন ছিল সময়টা। কিন্তু কেউ যদি জানে নিজের জীবনে কোন বিষয়গুলোকে সে অগ্রাধিকার দেবে আর যদি সে নিজের মন যা বলে সে অনুযায়ী চলে, তাহলে সবকিছুই ঠিক হয়ে যায়। জীবন হচ্ছে এক গোলক ধাঁধা। কিন্তু কেউ যখন ক্রমাগত এ ধাঁধা মেলানোর চেষ্টা করবে তখন সবকিছুই ঠিকঠাক ধরা দেবে। আমি এটাই বিশ্বাস করি।
আপনি আপনার এক সাক্ষাৎকারে বলেছিলেন পণ্ডিতজি বৈষয়িক ছিলেন না। আপনিও কি একই রকম নাকি পণ্ডিত যা চাইতেন আপনি তা-ই করতেন?
তিনি ছিলেন সত্যিকারের শিল্পী। কখনোই বৈষয়িকভাবে চিন্তা করতেন না, আমিও নিজেকে কখনো সেভাবে দেখতে চাইনি। তিনিই আমার ধ্যানজ্ঞান ছিলেন, তাঁকে সুখী করতে, তাঁকে শান্তিতে রাখতে, তাঁর জন্য সব সময়ই আমি সব কিছু করতে প্রস্তুত ছিলাম।তাই আটপৌরে বিষয়-আশয় আমিই সামলাতাম।এখন আমি আরও বেশি করে তাঁর পথে চলতে পারি।
আপনি সম্ভবত এক যাযাবরকে ঘরের সুখ দিতে চেয়েছিলেন, তাই নয় কি?
হ্যাঁ, আমি মনে করি আমি এটা সফলভাবেই করতে পেরেছি। তিনি একবার আমাকে বলেছিলেন, ঘর কী জিনিস তিনি ভুলেই গিয়েছিলেন আর এই বলে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
শুভ (রবি শংকর ও তাঁর আরেক স্ত্রীর সন্তান) স্রষ্টা প্রদত্ত প্রতিভাধর সংগীতজ্ঞ ছিলেন। আজ তিনি সংগীত জগতের বিস্ময় হতে পারতেন।
হ্যাঁ, সে তাই ছিল।কেউ যদি রবিজিকে সফলভাবে টপকাতে পারত তাহলে সে ছিল তাঁর ছেলে শুভ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এত অল্প বয়সেই ওকে চলে যেতে হলো।

পণ্ডিতজির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ কে ছিলেন?
ইশ! আমি যদি জানতাম! সম্ভবত একজনই যাকে আমি ঈর্ষা করি, তাঁর প্রেয়সী সেতার।
আনুশকাকে একজন সংগীতজ্ঞ হিসেবে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?
সেটা মূল্যায়নের যোগ্য আমি নই।তবে রবিজি বলতেন আনুশকা তাঁর প্রিয় শিষ্য। তিনি বলতেন,‘আমার আনুশকা আর আমার সংগীত এক ও অভিন্ন।’
নোরা জোনসের (রবি শংকর ও তাঁর আরেক স্ত্রীর সন্তান) সঙ্গে আপনার সম্পর্ক কেমন?
খুবই ভালো। ও খুবই মিষ্টি মেয়ে।আমি ওকে অনেক ভালোবাসি।
আনুশকা আর নোরার মধ্যে আপনি কাকে বেশি প্রতিভাধর মনে করেন?
এটা হলো, আমার দুই চোখের মধ্যে কোনটি বেশি প্রিয়-তা জানতে চাওয়ার মতো। তাঁরা দুজনেই পণ্ডিতজির সন্তান এবং অত্যন্ত প্রতিভাবান।
নিশ্চয়ই আপনার ও পণ্ডিতজির অনেক গল্প আছে যেগুলো আমরা জানি না। এর মধ্যে একটি যদি আমাদের বলতেন।
প্রতিটি দিনই ছিল চমৎকার। যদি কখনো কোনো মেঘ জমতো তাহলে তিনিই প্রথম সেই মেঘ দূর করে আমার জীবনকে সূর্যের আলোর মতো ঝলমলে করে তুলতেন। এখনো তিনি আমার জীবনকে একইভাবে আলো বিলিয়ে চলেছেন।
রবিজিকে নিয়ে গ্র্যামি জাদুঘরের আয়োজিত প্রদর্শনীকে কি আপনি সংগীত জগতে পণ্ডিতজির অবদানের স্বীকৃতি মনে করেন?
এটা এক চমৎকার সম্মাননা।এই প্রদর্শনী বছরব্যাপী চলবে। গ্র্যামির লোকজন এই প্রদর্শনীকে অনন্য করে তুলতে প্রাণপণ কাজ করেছেন। আমি রবিজির ব্যবহৃত কয়েকটি সিতার, বিশেষ পোশাক, চিঠি তাদের ধার দিয়েছি। আমার খুব ইচ্ছে ভারতে যদি কখনো এমন একটি আয়োজন করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে পণ্ডিতজিকে নিয়ে অ্যালান কোজলোওস্কি নির্মিত একটি চলচ্চিত্র দেখানো হয়।এ ছাড়া অনুষ্ঠানে রবিজির শিষ্য ব্যারি ফিলিপস ও তাঁর শিষ্যের শিষ্য লক্ষ্য ও আয়ূশ মোহন গুপ্তও সংগীত পরিবেশন করেন।