
তাঁদের পরিচয় যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের বুমটাউন উৎসবে। সেই উৎসবমুখর সন্ধ্যায় নিক হপ্টন আর ফ্রেয়া একান্তে কিছুটা সময় কাটিয়েছেন। আচ্ছা, মনের আদান-প্রদানও কি হয়েছিল? নিক হপ্টনের মনে সে প্রশ্ন তখন জাগেনি। কিন্তু কিছুদিন গড়াতেই বুঝতে পারলেন ফ্রেয়াকে তিনি ভালোবেসে ফেলেছেন। তবে মেয়েটির সঙ্গে যোগাযোগের কোনো পথই জানা ছিল না নিকের। তাহলে কি ফ্রেয়ার সঙ্গে আর কখনো দেখা হবে না? নিক বেছে নিলেন অভিনব এক পদ্ধতি। কী সেই পদ্ধতি? নিক জানতেন ব্রিস্টলের হরফিল্ডে থাকেন ফ্রেয়া। এটাও জানতেন তিনি কাজ করেন এক নিয়োগদাতা প্রতিষ্ঠানে (রিক্রুটমেন্ট এজেন্সি)। তাই ফ্রেয়ার খোঁজে ২২ আগস্ট হরফিল্ডের সব বাসস্ট্যান্ডে পোস্টার সেঁটে দেন নিক। জানতে চান, কেউ কি ফ্রেয়াকে চেনেন? পোস্টারের নিচে নিজের একটি ছবি সেঁটে দেন নিক। সেখানে লেখা ছিল, তাঁর (ফ্রেয়ার) যদি মনে না থাকে, তবে এখানে আমার একটি ছবি ও ফোন নম্বর দিয়ে দিলাম। যিনি আমাকে ফ্রেয়ার সন্ধান দিতে পারবেন তাঁর জন্য পুরস্কার আমার আমৃত্যু কৃতজ্ঞতা।
দিন গড়িয়ে রাত আসতে না-আসতেই ফ্রেয়ার সন্ধান মেলে। অবশেষে যোগাযোগ হয় দুজনের। ডেইলি মেইলকে নিক বলেন, ‘এত দ্রুত কাজ হয়েছে যে আমি চমকে গেছি। মঙ্গলবার সকালেই আমাদের যোগাযোগ হয়েছে এবং আশা করছি আমাদের দেখাও হবে।’
তবে সহজ ছিল না খুঁজে পাওয়ার ব্যাপারটি। কারণ, পোস্টার দেখে অনেকে নিককে ফোন করা শুরু করে। কেউ কেউ ‘হ্যাঁ, আমিই ফ্রেয়া’ বলে নিজের পরিচয় দেয়। তবে মানের টান যেখানে গাঢ়, সেখানে এসব বিপত্তি কোনো বাধাই নয়।
তথ্যসূত্র: ডেইলি মেইল