‘কোনো আড্ডায় আবু হেনা মোস্তফা কামাল যখন কথা বলতেন, তখন সবাই তাঁর বক্তব্য মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। শিক্ষার্থীদের কাছেও শিক্ষক যে এত প্রিয় হতে পারেন, তার উদাহরণ কেবলই তিনি। শ্রেণীকক্ষে পাঠদানের আগে রীতিমতো তপস্যা করতেন। সস্তা জনপ্রিয়তার ধার ধারেননি তিনি কখনোই। সে কারণেই সততা ও নিষ্ঠা থেকে সরেননি এতটুকুও।’ কবি ও সাহিত্যিক আবু হেনা মোস্তফা কামালের স্মরণসন্ধ্যায় এভাবেই স্মৃতিচারণা করেন প্রধান অতিথি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান।আবু হেনা মোস্তফা কামালের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন জেলা পরিষদ মিলনায়তনে ২৩ সেপ্টেম্বর এ স্মরণসন্ধ্যার আয়োজন করে। আলোচনা সভা, আবু হেনা মোস্তফা কামালের কবিতার একক আবৃত্তি এবং তাঁর রচিত গান দিয়েই সাজানো হয়েছিল এ আয়োজন।ক্বণনের সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভূঁইয়া ইকবাল ও আবু হেনা মোস্তফা কামালের বড় ছেলে সংগীতশিল্পী সুজিত মোস্তফা। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি ময়ুখ চৌধুরী, সৌরেন বিশ্বাস ও নূরুল আমিন এবং চট্টগ্রাম কলেজের শিক্ষক মুজিব রাহমান। ভূঁইয়া ইকবাল দুঃখ প্রকাশ করে বলেন, আবু হেনা মোস্তফা কামালকে বর্তমান প্রজন্মের অনেকে চেনেন না। তাঁর মতে, আবু হেনার মতো বিদগ্ধ ব্যক্তিত্ব হারিয়ে যাওয়ার কারণ তাঁর রচনাকর্ম সহজলভ্য না হওয়া।আবু হেনা মোস্তফা কামাল জীবিত না হলেও কাজের মধ্য দিয়ে তিনি জীবন্ত—উল্লেখ করে ময়ুখ চৌধুরী বলেন, ‘আবু হেনা মোস্তফা কামালের মতো মানুষ প্রতিবছর জন্মান না। এ রকম ব্যক্তিত্বের জন্য অপেক্ষা করতে হয় অনন্তকাল। আমার কাছে তিনি স্মৃতি নন, জীবন্ত এক পুরুষ।’আলোচনা সভা শেষে আবু হেনা মোস্তফা কামালের রচিত কবিতা আবৃত্তি করেন ক্বণনের শিল্পীরা। শিল্পী সুজিত মোস্তফা, রায়হান আনোয়ার ও জুলি বড়ুয়া আবু হেনা মোস্তফা কামাল রচিত সংগীত পরিবেশন করেন।