'তারার তো ভাতর অভাব নাই!'

‘হরতাল-অবরোধ হইলে আঁরা গরিব মানুষ কাজ-কর্ম গরিত ন পারি। গরিব মানুষ ন খাই মইরলে হাসিনা-খালেদার কী? তারার তো ভাতর অভাব নাই।’
গত রোববার বিকেলে কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের পাশে বসে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন আবদুল হাকিম (৫১)। তাঁর বাড়ি উখিয়া উপজেলার পাতাবাড়ি। শহরের নুনিয়াছটায় ভাড়া বাড়িতে সাত বছর ধরে পরিবার নিয়ে থাকছেন। সাগরে মাছ ধরার নৌকায় (ট্রলার) জেলে হিসেবে কাজ করে যা আয় হয়, তা দিয়ে সংসার চলে তাঁর।
বিএনপিসহ ১৮ দলের টানা অবরোধে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকায় মাছের সরবরাহ বন্ধ রয়েছে। সাগর থেকে আহরিত মাছের দাম কমে গেছে কয়েক গুণ। এতে লোকসান হচ্ছে বলে ট্রলার মালিকেরা মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। আট দিন ধরে সাগরে নামেনি আবদুল হাকিমের মালিকের ট্রলার। আর এতে তিনিসহ তাঁর ট্রলারের ২০ জেলে বেকার হয়ে পড়েছেন।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সভাপতি মুজিবর রহমান বলেন, টানা ২৭ দিনের বেশি অবরোধ-হরতালের কবলে পড়ে জেলার অন্তত দুই লাখ শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এর মধ্যে ৪০ হাজার জেলে ও শ্রমিক রয়েছেন। সরবরাহ বন্ধ থাকায় শহরের বিভিন্ন স্থানে অন্তত ১০ কোটি টাকার সামুদ্রিক মাছ আটকে আছে। বহু মাছ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। আবদুল হাকিম বলেন, স্ত্রী ও চার ছেলেমেয়ের পেটে দুই মুঠো ভাত তুলে দিতে তিনি গত ২৮ থেকে ৩০ নভেম্বর শহরে রিকশা চালিয়েছিলেন। ১ ডিসেম্বর সকালে রিকশা নিয়ে সড়কে উঠলে অবরোধকারী তিন যুবক তাঁকে মারধর করেন। এতে তাঁর শরীর ফুলে যায় এবং ব্যথায় জ্বর আসে। কিন্তু অসুস্থ হয়ে বসে থাকলে সংসার চলবে কী করে!
আয় রোজগারের জন্য ২ ডিসেম্বর থেকে তিনি সড়কের পাশে বসে ভাপাপিঠা তৈরি করে বিক্রি করছেন। প্রতিটি পাঁচ টাকা। সারা দিন পিঠা বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে চলছে কষ্টের সংসার। অবরোধ নিয়ে রসিকতা করতেও ছাড়লেন না আবদুল হাকিম। বললেন, ‘জেলে ছিলাম, অবরোধ আমাকে পথে বসিয়ে পিঠা বিক্রেতা বানিয়েছে। এখন অবরোধ কর্মসূচির সঙ্গে মানিয়ে নিয়েছি। অবরোধ না থাকলে ভালো লাগে না।’
শহরের প্রধান সড়কে বসে বহু জেলে শীতের ভাপাপিঠা, পেঁয়াজু, আপেল-কমলা, মাছ, কলা, চা-বিস্কুট, তরকারি বিক্রি করে সংসার চালাচ্ছেন। তবু কর্মহীন কয়েক হাজার দিনমজুর বেকার জীবন কাটাচ্ছেন। টানা হরতাল-অবরোধ কর্মসূচি শ্রমজীবী মানুষকে অতিষ্ঠ করে তুলছে।
ভ্রাম্যমাণ চা বিক্রেতা রমিজ উদ্দিন (৩৩) বলেন, ‘অবরোধ চলাকালে সড়কে সাধারণ মানুষ থাকে না। যাঁরা অবরোধ কর্মসূচি পালন করতে রাস্তায় নামেন তাঁরাই চা খান। অনেকে চা খেয়ে টাকা দিতে চান না। ভয়ে কিছু বলতে পারি না।’ কলা বিক্রেতা নুরুল আমিন (৫৫) বলেন, ‘জীবীকার তাগিদে পেশা বদল করে কলা বিক্রি করছি। কিন্তু শীতকাল বলে কেউ কলা খেতে চায় না। সারা দিন কলা বিক্রি করে অবশিষ্ট যা থাকে, তা (কলা) খেয়ে পরিবারের পাঁচজন বেঁচে আছি। বাঁচার জন্য আরও কতদিন কলা খেয়ে থাকতে হবে জানি না।’