'তারুণ্য ও যৌবনকে কাজে লাগালে অসাধ্য সাধিত হয়'
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে ২ মে বাণিজ্য অনুষদ মিলনায়তনে বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘তারুণ্য ও যৌবনকে যথাযথভাবে কাজে লাগিয়ে পৃথিবীতে অনেক অসাধ্য সাধিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা বিভিন্ন সময়ে দেশ ও বিদেশে অনেক সুনাম অর্জন করেছে, তাদের এ সাফল্যের জন্য আমরা গর্বিত।’ তিনি আরও বলেন, কথার জোরে বিতার্কিক হওয়া যায় না, যুক্তি দিয়ে একটি বিষয়কে সুপ্রতিষ্ঠিত করা এবং উপস্থাপন করাই হলো বিতর্কশিল্প। এ জন্য অধ্যবসায় প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য বলেন, ‘বিতর্ক একটি উন্নত শিল্পমাধ্যম। আমাদের তরুণ শিক্ষার্থীদের আলোকিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে বিতর্কের ভূমিকা অনস্বীকার্য।’
সিইউডিএসের মডারেটর মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমদ, শিক্ষক সুকান্ত ভট্টাচার্য, মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া, সিইউডিএসের সাবেক সভাপতি এম সামাদ, বর্তমান সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান প্রমুখ।