'তারুণ্যের' তরুণদের হাতে টোয়েকের স্কোর

‘তারুণ্যের জয়োৎসব’ থেকে বিনা মূল্যে টোয়েকে অংশ নেওয়া ৩২ তরুণের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় স্কোর। শনিবার প্রথম আলোর কার্যালয়ে অংশগ্রহণকারীদের হাতে টোয়েকের এই স্কোর তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।
যাদের মাতৃভাষা ইংরেজি নয়, ব্যবহারিক ইংরেজিতে তাদের দক্ষতা যাচাইয়ের পরীক্ষা টোয়েক বা টেস্ট অব ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস। ক্রমেই জনপ্রিয় হওয়া এই ভাষার দক্ষতা পদ্ধতিতে বিশ্বের ১৬০টি দেশ কর্মী এবং শিক্ষার্থী নিয়ে থাকে। গত ২৪ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় ক্রাউন সিমেন্ট-প্রথম আলোর অনুষ্ঠান ‘তারুণ্যের জয়োৎসব’এর জাতীয় পর্ব। সেখানে টোয়েক নিয়ে একটি সেশন হয়। ওই সেশনে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানানো হয়, টোয়েক নিয়ে একটি ওয়ার্কশপ ও মক টেস্টে অংশ নিতে।
গত ১৮ ও ১৯ মে আগ্রহীদের নিয়ে প্রথম আলো কার্যালয়ে টোয়েক বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় মক টেস্ট। ওই মক টেস্টে উত্তীর্ণ ৩৫ জনকে আমন্ত্রণ জানানো হয় বিনা মূল্যে টোয়েক টেস্টে অংশ নিতে, যার মধ্যে ৩২ জন গত ২৮ জুন অংশ নেন টোয়েকের মূল পরীক্ষায়, যার স্কোর শনিবার (৬ জুলাই) প্রকাশ করা হয়।
টোয়েক বাংলাদেশের নির্বাহী রেশাদ রসুল কাজী বলেন, ‘টোয়েক বাংলাদেশে মাত্র গত বছর এসেছে। আমরা এখন পর্যন্ত মাত্র শ খানেক মানুষের পরীক্ষা নিয়েছি। এদের মধ্যে কেউ সম্পূর্ণ স্কোর তুলতে পারেননি। তারুণ্যের জয়োৎসবে তরুণদের মধ্যে একজন সম্পূর্ণ স্কোর ৯৯০ তুলেছেন।’
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘আমরা প্রথম আলো থেকে চেষ্টা করি বাংলাদেশের তরুণদের বিশ্বে অবস্থান তৈরি করতে, সহায়তা করতে যেন তাঁরা বাংলাদেশকে তুলে ধরতে পারেন। এই কার্যক্রমের মধ্য দিয়ে আপনারা যদি জীবনে কোথাও কখনো সফল হন তবে তা বাংলাদেশের সুনাম, আমাদের সুনাম।’