বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় নগরের লেখক, বুদ্ধিজীবী, চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ ১৬ সেপ্টেম্বর শুক্রবার দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম জগতের পথিকৃৎ অকালপ্রয়াত তারেক মাসুদ ও মিশুক মুনীরকে স্মরণ করেন। নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারিতে অযান্ত্রিক এই স্মরণসভার আয়োজন করে। অন্যদিকে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের নির্মিত চলচ্চিত্র নিয়ে শুক্রবার ও শনিবার চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র আয়োজন করে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর। তারেক মাসুদ ও মিশুক মুনীরের জীবন ও কাজের ওপর অযান্ত্রিকের ভিডিও পরিবেশনার মাধ্যমে আলোচনা অনুষ্ঠানটি শুরু হয়। তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর তারেক মাসুদ ও মিশুক মুনীরের ঘনিষ্ঠজনেরা স্মৃতি থেকে দুইজনের জীবন নিয়ে আলোচনা করেন। এতে অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, তারেক মাসুদের বন্ধ,ু সংস্কৃতিজন আলম খোরশেদ, মিশুক মুনীরের বন্ধু, সমাজ সংগঠক কমল সেনগুপ্ত, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী ও অযান্ত্রিক সমন্বয়ক রফিকুল আনোয়ার। তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতিচারণা করতে গিয়ে আলোচকেরা তাঁদের জীবন ও কাজের মূল্যায়ন করে বলেন, ‘তারেক ও মিশুকের স্থান কখনো পূরণ হবে না।’ সভা পরিচালনা করেন অযান্ত্রিকের কর্মসূচি সমন্বয়ক নিজাম উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে সবার জন্য উন্মুক্ত এই চলচ্চিত্র প্রদর্শনীতে বেলা ১১টায় দেখানো হয় মাটির ময়না। যেটি ষাটের দশকে পূর্ব পাকিস্তানের মাদ্রাসায় থাকাকালীন পরিচালক তারেক মাসুদের বাল্যজীবনের অভিজ্ঞতার ওপর ২০০২ সালে নির্মিত ৯৮ মিনিটের পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। বিকেল পাঁচটায় দেখানো হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটি ভ্র্যাম্যমাণ গানের দলের ওপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র মুক্তির গান। প্রামাণ্য চিত্রটি ১৯৯৫ সালে নির্মিত এবং এর ব্যাপ্তিকাল ৭৮ মিনিটের । সন্ধ্যা সাতটায় দেখানো হয় ২০০৬ সালে নির্মিত চলচ্চিত্র অন্তর্যাত্রা। ৮৬ মিনিটের এই চলচ্চিত্রটি লন্ডন প্রবাসী একটি সিলেটি পরিবারকে নিয়ে। যে গল্পের মাধ্যমে মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে।চলচ্চিত্র দেখতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী স্মরন্বিকা বড়ুয়া বলেন, ‘এর আগেও তারেক মাসুদের নির্মিত চলচ্চিত্র দেখেছি। একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাঁর কাজের মধ্য দিয়ে তাঁকে হূদয়ে ধারণ করে রাখতে আবার এখানে আসা। ’