বন্ধু সওদাগরপুত্রের সঙ্গে রাজপুত্র বেরিয়ে পড়েছে বিচিত্রের সন্ধানে, অজানার উদ্দেশ্যে। সাগর পাড়ি দিয়ে তারা পৌঁছে যায় তাসের দেশে। সেখানে সবকিছু নিয়মমতো চলে। নেই কোনো দ্বন্দ্ব-সংঘাত। এগিয়ে চলাও নিষিদ্ধ সেখানে। কিন্তু রাজপুত্রের চিত্ত চাঞ্চল্যে চঞ্চল হয়ে উঠল তাসের দেশের অনড় সমাজ। নিয়মকানুনকে পরাজিত করল স্বাভাবিক প্রাণের উচ্ছ্বাস।
রবীন্দ্রনাথের নাটক তাসের দেশের এই কাহিনি যুগ যুগ ধরে দর্শকদের মনের খোরাক জুগিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগও বেশ কয়েক বছর ধরে মঞ্চায়ন করে আসছে নাটকটি। ২৭ অক্টোবর সন্ধ্যা সোয়া সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসির) মঞ্চে নাটকটির তৃতীয় মঞ্চায়ন হয়েছে। এ ছাড়া কাল ৩০ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনেও নাটকটি মঞ্চস্থ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থিয়েটার।