‘তিন বিভাগের সমন্বয়ে একটি প্ল্যানিং সেল গঠন করা দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন নানা কারণেই নগরে সড়ক দুর্ঘটনা ঘটছে। নিরাপদ সড়ক ও দুর্ঘটনার কারণ সম্পর্কে ‘প্রথম আলো’র সঙ্গে কথা বলেছেন নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান। সাক্ষাৎকার নিয়েছেন নিজাম সিদ্দিকী প্রথম আলো: সড়ক দুর্ঘটনার মূল কারণ কি?আশিক: সচেতনতার অভাব। পথচারীরা রাস্তা পারাপার, ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে ভালো ধারণা রাখেন না। বিশেষ করে স্কুলের ছেলেমেয়েরা এ ব্যাপারে তেমন সচেতন নয় বললেই চলে। বিদেশে ট্রাফিক আইনের ওপর স্কুলেই পড়াশোনা করানো হয়। আমরাও এ কাজটি করতে পারি। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে সচেতন করা যেতে পারে। প্রথম আলো: ট্রাফিক আইন না মানার প্রবণতাও কি দুর্ঘটনার জন্য দায়ী নয়?আশিক: অবশ্যই। আমাদের এখানে ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ হয় কমই। ফলে বিভিন্ন যানবাহনের চালক নিজেদের খেয়াল-খুশিমতো রাস্তায় চলাচল করেন। এ ক্ষেত্রে ট্রাফিক বিভাগের নজরদারি বাড়ানো দরকার। এ জন্য তাদের লোকবল বাড়ানোর ব্যাপারটিও মাথায় রাখতে হবে। কারণ যত দূর জানি, ১৯৭৮ সালে নগর পুলিশের প্রতিষ্ঠার পর থেকে ট্রাফিক বিভাগের লোকবল বাড়ানো যায়নি এখনো। অথচ নগরে যানবাহনের সংখ্যা বেড়েছে বহুগুণ। এ সীমিত জনবল দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করাও কঠিন।প্রথম আলো: পথচারী পারাপারে জন্য কোনো জেব্রা ক্রসিং দেখা যায় না। আবার কোথাও কোথাও ট্রাফিক বাতিও জ্বলে না, এ ব্যাপারে আপনার মতামত কী?আশিক: হ্যাঁ, শহরে এখন কোনো জেব্রা ক্রসিং চোখে পড়ে না। মানুষজন ঝুঁকি নিয়ে দৌড়ে রাস্তা পার হন। ফলে দুর্ঘটনার আশঙ্কা তো থেকেই যায়। আর ট্রাফিক বাতির কথাও সত্যি। দুঃখজনক হলো, সিটি করপোরেশন ট্রাফিক বাতি স্থাপনের কাজ করে আর তার প্রয়োগ করে ট্রাফিক বিভাগ। এ ক্ষেত্রে ট্রাফিক বিভাগের একক নিয়ন্ত্রণ থাকা দরকার। তা হলে তারাই এগুলো সচল রাখা, কোন সড়কে কীভাবে, কতটা সময়ের জন্য ট্রাফিক বাতির কার্যকারিতা থাকবে ইত্যাদি বিষয় নির্ধারণ করতে পারবে সুচারুভাবে। প্রথম আলো: যেখানে সেখানে গতি নিরোধক (স্পিড ব্র্যাকার) বসানোর বিষয়টিকে কীভাবে দেখছেন?আশিক: এগুলোও মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটিয়ে থাকে, তা বলার অপেক্ষা রাখে না। এগুলো বসানোর একটা নিয়মনীতি আছে। নির্দিষ্ট দূরত্ব অনুসরণ করতে হয়। মার্কিং করতে হয় এসব গতি নিরোধকের ওপর। কিন্তু আমরা এসব নিয়মকানুন কিছুই মানি না। ফলে কোথায় গতি নিরোধক আছে তা আন্দাজ করেই পথ চলতে হয়। রাতের বেলায় এবং এসব সম্পর্কে ধারণা না থাকার কারণে পথ চলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে।প্রথম আলো: সার্বিকভাবে নিরাপদ সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কী করা দরকার?আশিক : আমি মনে করি এ ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে একটি প্ল্যানিং সেল গঠন করা দরকার। এ সেল পাঁচ থেকে ১০ বছরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবে, তখন যানবাহনের সংখ্যা, জনসংখ্যা কত দাঁড়াতে পারে ইত্যাদি বিষয় বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। পরিকল্পনা করে তা বাস্তবায়ন করলে একটা সুফল পাওয়া যাবে। এ ছাড়া আমরা ফুটপাতের পরিসর বাড়িয়ে যানবাহন চলাচলের পথটা কমিয়ে আনতে পারি। ইউরোপের দেশগুলোতে এ ব্যবস্থা চালু আছে। এতে চলাচলে স্বাচ্ছন্দ্য আসবে। তা ছাড়া গণপরিবহনের উন্নয়নের মাধ্যমে আমরা শহরে রিকশা ও অন্যান্য যানবাহনের সংখ্যা কমিয়ে আনতে পারি। এটাও সড়ক নিরাপত্তার জন্য প্রয়োজন।