বাংলায় একটা প্রবাদ আছে, দশে দশ। মানে শতভাগ সাফল্য। তানিয়ার জন্য কথাটা হয়ে দাঁড়িয়েছে ‘তিনে তিন’। মেডিকেল শিক্ষার্থী হিসেবে তিনটিতেই প্রথম হয়েছেন তানিয়া।চিকিৎসক হওয়ার জন্য মেডিকেল কলেজের পুরো এমবিবিএস শিক্ষাজীবনে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি ‘প্রফেশনাল’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় বড় কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে। যেমন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ এবং বেশ কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ। এতগুলো মেডিকেল কলেজের মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম ১০ জনকে সর্বোচ্চ নম্বরের মেধাক্রম অনুযায়ী সম্মানসূচক স্থান—স্ট্যান্ড দেওয়া হয়। ঠিক যেমন কয়েক বছর আগেও এসএসসি কিংবা এইচএসসিতে স্থান দেওয়া হতো, তেমন।মেডিকেল কলেজের পরীক্ষাব্যবস্থাটা এমন, শুধু পাস করতেই ৬০ শতাংশ নম্বর পেতে হয়। তা-ও আবার আলাদাভাবে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রতিটিতে। পাস করতেই গলদঘর্ম অবস্থা হয় সব শিক্ষার্থীর। সেখানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করা অনেক গৌরবের ব্যাপার।ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তানিয়া তোফায়েল কে-৬২ ব্যাচের মেধাবী ছাত্রী। তানিয়া তিনটি ‘প্রফেশনাল’ পরীক্ষার তিনটিতেই প্রথম স্থান দখল করেছেন, যা সত্যিই বিরল। এমন ফল শেষ কবে কে করেছেন, তা খুঁজে বের করা ভার।এ বছর জানুয়ারিতে অনুষ্ঠিত এফসিপিএস মেডিসিন পরীক্ষায় প্রথম পর্বে প্রথম বার অংশ নিয়েই উত্তীর্ণ হয়েছেন তানিয়া। এখন অনারারি মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। শুধু তা-ই নয়, তানিয়া বিসিএসেও প্রথমবার অংশ নিয়েই বিসিএস ক্যাডারের চিকিৎসক হয়ে গেছেন।এত এত সাফল্য তানিয়ার। কিন্তু মুখে সব সময় বিনয়ী স্মিত হাসি। এই সাফল্যের রহস্য কী জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে শুনতে যত বড় মনে হয়, ব্যাপারটা আমি মনে করি এত বড় কিছু নয়।’ মৃদু হেসে তিনি বলেন, ‘নিয়মিত পড়া আর বুঝে পড়া ছাড়া তো আমি কিছু করিনি। এর বাইরে বলব, শিক্ষক-শিক্ষিকার সঠিক নির্দেশনা এবং অভিভাবকের দোয়া আমাকে ভালো করতে সহায়তা করেছে।’এত কঠিন কঠিন বিরস পড়াগুলো কীভাবে রপ্ত করেছেন, কতটা সময় পড়েছেন—এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘মেডিকেলে সবাই তো অনেক পড়াশোনা করেন। আমিও করেছি। অবশ্যই অধ্যবসায়, পরিশ্রম এবং নিয়মিত পড়াশোনা করতে হয়েছে। প্রথম দিকে পড়াগুলো কঠিন লাগত; দুর্বোধ্য মনে হতো। কিন্তু পাস করার পর যখন সত্যিকারের চিকিৎসক জীবনে প্রবেশ করলাম, ইন্টার্নি করতে গিয়ে উপলব্ধি করলাম, পড়াগুলো আসলে উপভোগ্য ছিল। যখন একটি হতদরিদ্র রোগী, যার শারীরিক অবস্থা ছিল শোচনীয়, সে যখন সম্পূর্ণ সুস্থ হয়ে হাসতে হাসতে আমাকে ধন্যবাদ দিতে দিতে চলে যায়, তখন মনে হয়, আমার পড়াশোনা সার্থক। তখন আর পড়াশোনাকে কষ্ট মনে হয় না। মনে হয়, ওই জ্ঞানটা ছিল বলেই আজ অসুস্থ মানুষটা সুস্থ হতে পেরেছে।’ভবিষ্যৎ পরিকল্পনা কী? এ জিজ্ঞাসার জবাবে তানিয়া বলেন, ‘মেডিসিনে ক্যারিয়ার গড়তে চাই। জীবনে উচ্চাকাঙ্ক্ষা নেই আমার। সে জন্য বিসিএস দেওয়া, যাতে আপামর জনগণের চিকিৎসা করতে পারি। দেশ ছেড়ে যেতে চাই না। দেশের মানুষের সেবায় যতটুকু পারি, নিজেকে নিয়োজিত রাখব।’মেডিসিন বিভাগের দক্ষ চিকিৎসক হওয়ার প্রত্যয় নিয়ে এভাবেই এগিয়ে যাচ্ছেন তানিয়া তোফায়েল।