এ বছর (২০১০) সংগীতজীবনের ২৫ বছর পূর্ণ করলেন শিল্পী রবি চৌধুরী। আজ তিনি তারকাশিল্পী, কিন্তু শুরুটা চট্টগ্রাম থেকেই, সংগ্রামও। সেই সংগ্রামের চূড়ান্ত সাফল্য পেয়েছেন ঢাকায় গিয়ে। এই গল্প শুনিয়েছেন শান্তনু চৌধুরীকে ঢাকায় এলাম ১৯৮৯ সালে। এসেই অ্যালবামের কাজ শুরু করি। এর আগে চট্টগ্রামের ঐকতান থেকে অ্যালবাম বের হয়েছিল। অ্যালবামের নামটা ভুলে গেছি। আমার এক চাচাত ভাইয়ের বন্ধু ছিলেন শিল্পী খালিদ হাসান ওরফে মিলু। ঢাকায় এসে তাঁর সঙ্গে বিভিন্ন জায়গায় গেলাম। গানের জগত সম্পর্কে জানাটা জরুরি ছিল তখন।আমি তখনো স্থায়ী হইনি ঢাকায়। এলে ফকিরাপুলের একটি হোটেলে থাকতাম। ভাড়া ছিল ৮০ টাকা। কিন্তু ঢাকা আসাটাই অনেক কঠিন ছিল আমার জন্য। হোটেলে থাকাটা আরও কঠিন। কষ্ট করে আসতাম। মিলু আমাকে একদিন বলল, তোর গান এত সুন্দর! তুই একটা অ্যালবাম কর। তখন আমার দুটো গান সে খুব পছন্দ করল—আমার প্রথম লেখা ও সুর করা গান ‘বেদনার সবটুকু আমাকে দিয়ে’ আর ‘আমি আজ জেনে গেছি, তুমি আমাকে ছেড়ে’। পাঁচটি গান রেকর্ড করলাম সিম্ফনি ও ডন স্টুডিওতে। বাকিগুলো ঝংকারে। ঝংকার এখন নেই। তখন প্রায় অ্যালবাম এখানে হতো। ঝংকারের খুব নাম ছিল। এবার আসি গান প্রসঙ্গে। আমার গানগুলো ছিল স্লো। কিন্তু ক্যাসেট কোম্পানিগুলোর একটা ধারণা ছিল এ ধরনের গান চলে না। মিলু আমাকে নিয়ে ওই সময়ে নামকরা কয়েকটা কোম্পানিতে গেল। এসব কোম্পানি আমাকে ফিরিয়ে দিল। বলল, স্লো গান। হবে না, চলবে না। পরে একসময় স্যালেক্সে গেলাম। সেখানকার পরিচালক আমার গান দুটি শুনে নিল। স্যালেক্স তখন বাম্পার হিট। ডলি সায়ন্তনির ‘রঙচটা জিনসের প্যান্ট পরা’ আর সেলিম চৌধুরীর ‘কবিতার মতো চোখ’ অ্যালবাম তাদের ব্যানারে বের হয়েছে। স্যালেক্স থেকে বের হলো আমার অ্যালবাম প্রেম দাও, ব্যাপক সাড়া ফেলে। দুটো হূদয় আঁকা প্রচ্ছদ। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি এটি এতটা হিট হবে। যেখানে যাই পথে-ঘাটে-মাঠে সেখানেই আমার গান বাজে। শুনতে ভালোই লাগে। বিশ্বাস হচ্ছিল না আমার গান মানুষ শুনছে। এখানে একটা কথা বলা দরকার—প্রথম অ্যালবামে আমি কোনো সম্মানী পাইনি। দ্বিতীয় অ্যালবাম তোমাকে ভালোবেসেছিতেও পাইনি। তখন টাকাটা আমার কাছে বড় মনে হয়নি। রবি চৌধুরীর নামটা তো তাঁরা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। প্রথম অ্যালবাম বের করে আমি সৌদি আরব চলে যাই। তখনো কিন্তু পুরোপুরি স্থায়ী হইনি ঢাকায়। একদিন মিলু বলল ‘তোমার অ্যালবামটা হিট।’ আমি কিন্তু হিট কী জিনিস বুঝি না। মনে করেছি অ্যালবাম চলছে আর কি। সৌদি আরবে বেশিদিন থাকতে পারলাম না। স্যালেক্স কোম্পানি ফোন করে আমাকে নিয়ে এলো। ডেকেছে পরের অ্যালবাম করার জন্য। তখন বুঝলাম আমার অ্যালবাম নিশ্চয় সফল। পরে দেখলাম সংগীতাসহ বিভিন্ন কোম্পানি বেশি টাকা দিতে চাইছেন অ্যালবাম করার জন্য। আমি ভিসা বাতিল করে দিলাম। আরেকটা বিষয়, প্রথমে আমার অ্যালবাম যাঁরা বের করেনি এখন আমি তাদের নাগালের বাইরে। অর্থাত্ আমার পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা তাঁদের নেই। তখনো কিন্তু টেলিভিশনে আমি তেমন পরিচিত নই। এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী কায়কোবাদ ও কারি হাবিবুল্লাহ বেলালীর সঙ্গে পরিচয় হয় সৌদি আরবে। ১৯৮৮ সালে সৌদি দূতাবাসে আমি বন্যার্তদের সহায়তার জন্য অনুষ্ঠান করি। সেখানে হাজার হাজার মানুষ ছিলেন। চট্টগ্রামের লোক ছিলেন বেশি। সে কারণে দূতাবাসের সবাই আমাকে চেনেন। ১৯৯১ সালে বেলালী আর প্রতিমন্ত্রী আমার গান শুনলেন সৌদি আরবে। আমাকে কার্ড দিলেন। এরপর ঢাকায় এসে বেলালী ভাইকে ফোন করলাম। তিনি আমাকে পাঠিয়ে দিলেন টেলিভিশনের লুত্ফর রহমান তালুকদারের কাছে। রায়হান গফুরের উপস্থাপনায় তখন অন্তরঙ্গ ম্যাগাজিন অনুষ্ঠান হতো। টেলিভিশনে আমার প্রথম গান আরবি ভাষায়—‘মোনাইয়া মুনা, ইয়া হালুয়া ইয়া মোনা।’ গানটা করার পর চট্টগ্রামে গেলাম। পরিচিতদের বললাম আমি টেলিভিশনে গান করেছি। কিন্তু কথাটা কেউ বিশ্বাস করল না। এরপর গ্রামের বাড়ি বাঁশখালীর পুঁইছড়িতে গিয়ে বললাম। সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে লাগল ‘ওডা ফাঁকাফাঁকি গরর যে না, তুইও আবার টেলিভিশনত গান গাইবি’ (বেটা, ফাঁকাফাঁকি করিস না, তুইও আবার টেলিভিশনে গান গাইবি)। অনুষ্ঠানটি নির্দিষ্ট দিনে প্রচার হলো না। গ্রামের সবাই বলল ‘দেইখখসনি? ফাঁকাফাঁকি গইরগে যে, এহন ঠিক হইয়ে না।’ তখন বাড়ি বাড়ি টেলিভিশন ছিল না। গ্রামের চায়ের দোকানে ছিল। সেখানে আবার টিকিট কেটে দেখতে হতো। আমাদের গ্রামের মোহাম্মদ নামে এক দোকানির টেলিভিশন ছিল। সে বলতে লাগল, ‘রইব্যা টেলিভিশনত গান গাইলে আই টিভি ভাঙি ফেলাইয়ুম।’ যথারীতি পরের পর্বে গানটি প্রচার হলো। এরপর দেখা গেল যে লোক টিভি ভাঙার কথা বলেছিলেন তিনিই আমার গান প্রচার হচ্ছে জানলে মাইকে তা চালিয়ে দিতেন। আমাকেও সমাদর করতেন। তবে নিয়মিত শিল্পী হতে অনেক কষ্ট করতে হয়েছে। ১৯৯৩ সালে একবার অডিশন দিলাম। তখন দেখলাম ওখানে আরেক ধান্ধা। আমি মোটামুটি ভালোই গাইলাম। সে সময় এক লোক এসে বলল, ‘আপনি কি পাস করতে চান? তাহলে ২০-২৫ হাজার টাকা দেন।’আমার বিশ্বাস ছিল, আমি পাস করব। পরে দেখা গেল পাস করেছি। কিন্তু টাকা দিতে হয়নি।এভাবেই আজ আমি রবি চৌধুরী। এ জন্য চট্টগ্রামের কাছে আমার অনেক ঋণ। আমি সবখানে সবসময় চট্টগ্রামকে তুলে ধরি, আমার প্রাণে সবসময় বাজে চাটগাঁর বাঁশি।