
‘মানিকদার কথা তো অনেক হয়েছে। আরও হবে। আজ কেবল মঙ্কুদির কথা। কেমন?’ প্রথমেই বলে নিলেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম। প্রায় ৩০ বছর ধরে সত্যজিৎ রায় (মানিক) ও বিজয়া রায়কে (মঙ্কু) কাছ থেকে দেখেছেন। ছবি তুলেছেন। কিন্তু বিজয়ার সবকিছুজুড়েই তো সত্যজিৎ। তিনি এসেই যান।
২ জুন বিজয়া রায় ৯৯ বছর বয়সে মারা গেলেন। সাইদা স্মরণ করছিলেন তাঁদের প্রথম সাক্ষাতের কথা। সত্যজিৎ রায় বেশ রাশভারী, অহংকারী মানুষ—কলকাতায় গিয়ে শুনেছিলেন। তবু সাহস করে একদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাঁর বাসায় উপস্থিত হলেন। নানা কথার পর যখন ছবি তুলতে গেলেন, ফ্ল্যাশ জ্বলে উঠল। পাশের ঘর থেকে বিজয়া ছুটে এলেন, আলো দেখে বিস্ফোরণের ভয় পেয়েছিলেন। সাইদার হাতে ক্যামেরা দেখে স্বস্তি পেলেন। যাওয়ার সময় সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন, ‘তুমি আবার এসো।’

সাইদা খানম বললেন, ‘প্রথম সাক্ষাতে বিজয়া যদি কথাটি না বলতেন, তাহলে এ পরিবারটির সঙ্গে আমার এত নিবিড় সম্পর্ক হতো না। বিছানায় শুয়ে বিজয়া সত্যজিতের কানে কানে কথা বলছেন—এমন ছবিও কি আমি পেতাম?’ সত্যজিতের মৃত্যুর আগে বিজয়া আলাদা করে সাইদাকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে, সেই কথাও জানা হলো।
‘বিজয়া রায়ের ব্যক্তিত্ব ছিল অন্য রকম। খুব কোমল। প্রথম দেখাতেই ভালো লাগে,’ বললেন সাইদা খানম। সত্যজিৎ-বিজয়ার পুত্রবধূ ললিতা রায় বিজয়ার মৃত্যুর পর বলেছিলেন বিজয়া না হলে সত্যজিৎ হয় না। সাইদা খানমও বললেন বিজয়ার ওপর সত্যজিতের নির্ভরতার কথা, ‘মানিকদা চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে মঙ্কুদির মতামতকে খুব প্রাধান্য দিতেন। বিভিন্ন চরিত্রের কাপড়, সাজসজ্জার ব্যাপারে মঙ্কুদি মানিকদাকে প্রচুর সাহায্য করতেন।’

২০০২ সালের ২ মে, সত্যজিতের জন্মদিনে, কলকাতার নন্দনে সাইদা খানমের তোলা ছবিগুলোর প্রদর্শনী হয়। উদ্বোধন করেন বিজয়া রায়। তার কিছু পরে কলকাতায় গেলে সাইদা দেখতেন বিজয়াকে আত্মজীবনী লিখতে। দেশ পত্রিকায় ২০০৩-০৪ সালে নিয়মিত ছাপা হয়েছে বিজয়ার আত্মজীবনী ‘আমাদের কথা’। পরে বই আকারে প্রকাশিত হয়েছে। বইয়ে ব্যবহৃত আলোকচিত্রের শিল্পীদের তালিকায় দেখা গেল বাংলাদেশের আমানুল হক ও সাইদা খানমের নামও।
বছর পাঁচেক আগে সাইদা খানম শেষ গিয়েছিলেন কলকাতায়। ‘মঙ্কুদি’ তখন হুইলচেয়ারে চলাফেরা করেন। তবু নিজ হাতে আপ্যায়ন করেছেন।

এমনকি সত্যজিতের শেষ দিনগুলোতে প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যেও বিজয়া কখনো ভুলতেন না সত্যজিতকে দেখতে যাওয়া মানুষদের আপ্যায়ন করতে।
‘মঙ্কুদি চা, বিস্কুট, শুকনো খাবার খেতে পছন্দ করতেন। আমি মাঝেমধ্যে সুযোগ হলে পাঠিয়ে দিতাম। আর মঙ্কুদিও আমাকে দামি উপহার দিয়েছেন।’ সত্যজিৎকে নিয়া লেখা বইতে মানিকদা আর মঙ্কুদির লেখা চিঠিগুলোর ওপর হাত বোলাতে বোলাতে বলছিলেন সাইদা খানম।