‘তুরস্কের চিঠি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের মৃত্যুদণ্ড না দিতে অনুরোধ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্টের দেওয়া চিঠিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন বিবিসির বাংলাদেশ সংলাপের প্যানেল আলোচকেরা। তবে সংলাপে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত বাংলাদেশ সংলাপের সপ্তম পর্বে এ বিষয়ে কথা বলেন প্যানেল সদস্যরা। গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই সংলাপ অনুষ্ঠিত হয়।এতে প্যানেল আলোচক ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ ও ফোরাম ফর প্ল্যানড চট্টগ্রামের নির্বাহী কমিটির সদস্য জেরিনা হোসেন।এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই চিঠি অত্যন্ত ন্যক্কারজনকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এটা গ্রহণযোগ্য নয়।’সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী ভিন্নমত পোষণ করে বলেন, ‘আমি এটাকে হস্তক্ষেপ মনে করছি না। এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু দেশবাসী জানে, এই বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হচ্ছে না।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ বলেন, ‘তত্ত্বগতভাবে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কেউ হস্তক্ষেপ করতে পারে না। তবে প্রায়োগিক ক্ষেত্রে অনুন্নত দেশের বিষয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের হস্তক্ষেপ হয়ে আসছে। ফৌজদারি আইনে যাঁরা অপরাধ করেছেন, তাঁদের অবশ্যই বিচার হতে হবে। তবে তা হতে হবে স্বচ্ছ।’ফোরাম ফর প্ল্যানড চট্টগ্রামের নির্বাহী কমিটির সদস্য জেরিনা হোসেন বলেন, ‘অনেক কষ্টে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কারও অধিকার নেই এ বিষয়ে হস্তক্ষেপ করার। আমাদের দুর্বল মনে করায় এ অবস্থা হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হবে, আমরা এত দুর্বল নই।’সংলাপে চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর নির্মাণ, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রম বাজারের বর্তমান অবস্থা এবং রামুর বৌদ্ধবিহারে হামলার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত দর্শকেরা বিভিন্ন প্রশ্ন করেন এবং মতামত তুলে ধরেন। রামুর বৌদ্ধবিহারে হামলার ঘটনায় সব প্যানেল সদস্য নিন্দা জানিয়েছেন। আকবর হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সংলাপে গভীর সমুদ্রবন্দর বিষয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘ভালো কাজ করতে গেলেও বিভিন্ন সময় আন্তর্জাতিক চাপ আসে। গভীর সমুদ্রবন্দর হলে বাংলাদেশ ও চীনের সম্পর্ক গভীর হবে, তা-ও অনেকে চায় না।’বিএনপি নেতা জাফরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির জন্য গভীর সমুদ্রবন্দর হওয়া অত্যন্ত প্রয়োজন। চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর হওয়ার আলোচনা শুরু হলেই এটাকে দেশের অন্য জায়গায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু হয়। এ কারণে তা স্তিমিত হয়ে পড়ে।’