'তোমার কষ্ট আমার অমাবস্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পেশাগত, শিক্ষাগত বা অন্য কোনো কারণে যাঁরা মায়ের কাছ থেকে দূরে থাকেন তাঁদের জন্যই ছিল মা দিবসের এ আয়োজন। অধুনায় ছাপা কুপনে মাকে নিয়ে পাঁচটি পঙ্ক্তি লিখতে বলা হয়েছিল সন্তানকে। সারা দেশ থেকে অসংখ্য সন্তান অংশ নিয়েছেন এই আয়োজনে। তাঁদের মধ্য থেকে লটারি করে বিজয়ী হয়েছেন ১২ জন।মা দিবসে সেই সন্তানদের পক্ষ থেকে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার বন্ধুরা গিয়েছেন তাঁদের মায়ের কাছে। ফুল, মিষ্টি, শাড়ি আর নানা ধরনের উপহারের সঙ্গে নিয়ে গেছেন মাকে উদ্দেশ করে লেখা সন্তানের সেই ভালোবাসার পঙ্ক্তিমালা। মায়েদের জন্য এটা ছিল বিস্ময়। সেই ১২ মায়ের এবং সন্তানদের অনুভূতি নিয়েই এ আয়োজন।
মা দিবসে সোনাতলার সরকা​রবাড়িতে মা রেহানা বেগমের মধুর হাসি। ছবি: সোয়েল রানা
মা দিবসে সোনাতলার সরকা​রবাড়িতে মা রেহানা বেগমের মধুর হাসি। ছবি: সোয়েল রানা

শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে। সাতসকালে রেললাইনের পাশে মেঠোপথটা ধরে আমরা সামনে এগোলাম কিছুক্ষণ। উলুখাগড়ার বন পেরিয়ে বগুড়ার সোনাতলা উপজেলার শ্যামলগ্রাম আগুনিয়াতাইড় ঢুকতেই দেখা মিলল সাদা রঙের ‘সরকার বাড়ি’র। শহরে থাকা ছেলে একটু আগেই মুঠোফোনে যে বাড়ির বর্ণনা দিয়েছিলেন আমাদের।
কেউ একজন খবর দিলেন। কালো ফ্রেমে চশমা পরে মাথায় ঘোমটা দিয়ে মা রেহানা বেগম কৌতূহলী দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে। সঙ্গে তাঁর স্বামী নজরুল ইসলামও। বগুড়া বন্ধুসভার কয়েকজন সদস্য ফুল হাতে এগিয়ে গেলেন মায়ের দিকে। সালাম করে মাকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, ‘মা আপনার সন্তান দূরে। আপনার জন্য তাঁর লেখা কয়েকটি পঙ্ক্তি নিয়ে আমরা এসেছি। সারা দিন আজ আপনার সঙ্গে কাটাব।’
রোববার ছিল মা দিবস। রেহানা বেগমের বড় ছেলে এ বি সিদ্দিক ব্যস্ততার কারণে ঢাকা থেকে এমন দিনে আসতে পারেননি। রেহানা বেগমের হাতে মা দিবসে প্রথম আলোর পক্ষ থেকে দেওয়া হলো উপহার। সঙ্গে মিষ্টি ও বগুড়ার দই।
মা রেহানা বেগম অবশ্য বেশি খুশি হলেন ফ্রেমে বাঁধানো তাঁকে নিয়ে ছেলের লেখা পড়ে। ছেলে লিখেছেন, ‘মা তুমি কেমন আছো? তোমার ভালো থাকাটাই আমি সব সময় কায়মনে প্রার্থনা করি। তোমার ভালো, আমার ভালো। তোমার কষ্ট, আমার অমাবস্যা, তুমি ভালো থেকো মা।’
আমরা মুঠোফোনে ছেলের সঙ্গে কথা বলিয়ে দিই মাকে।
‘হ্যালো বাবা, ভালো আছো বাবা। আমারও খুব কষ্ট হচ্ছে বাবা। আজ যদি তোমরা সবাই কাছে থাকতে কত আনন্দ পেতাম।’