'তোমার সঙ্গে মিলব আমি ঠিক-বেঠিকের বাহিরে'

মার্কিন মুল্লুকের কোনো এক ব্যস্ত সড়কে একটা গাড়ির পেছনে লেখা, ‘ঠিক এবং বেঠিকের ধারণার বাইরেও একটা প্রান্তর আছে; সেখানেই তোমার সঙ্গে মিলব আমি।’ একুশ শতকের পশ্চিমাদের আটপৌরে জীবনেও এভাবে ঢুকে পড়া এই কাব্য প্রাচ্যের এক মরমি কবির, এক আধ্যাত্মিক সাধকের। মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর কবিতার বইই এখন সবচেয়ে বেশি বিক্রি হয়, তিনিই এখন সেখানে সবচেয়ে জনপ্রিয় কবি। তিনি জালাল আদ-দ্বীন মুহাম্মদ রুমি। ৮০০ বছর আগেকার পারস্যের এই মরমি কবি ও সুফি দরবেশ কীভাবে এবং কেন এখন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পঠিত কবিতে পরিণত হয়েছেন, সে সম্পর্কে জানিয়েছে বিবিসি।
জালাল আদ-দ্বীন মুহাম্মদ রুমি
কবি ও সুফি দার্শনিক জালাল আদ-দ্বীন মুহাম্মদ রুমি ১২০৭ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর জীবন বিস্তৃত ছিল সেই সময়কার দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় ২,৫০০ মাইলের এক বিস্তীর্ণ চরাচরে। রুমির একটা জীবনীগ্রন্থ লেখার কাজ শুরুর পর তাঁর জন্মস্থান বর্তমান তাজিকিস্তানের ছোট্ট গ্রাম বক্স থেকে শুরু করে উজবেকিস্তানের সমরখন্দ ও বোখারা, ইরান থেকে শুরু করে সিরিয়া ও তুরস্ক চষে বেড়িয়েছেন মার্কিন লেখক ব্র্যাড গুচ। রুমির তরুণ বয়সের পড়াশোনার তীর্থ সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোতেও ঘুরে বেড়িয়েছেন ব্র্যাড। তাঁর শেষ গন্তব্য ছিল তুরস্কের কুনিয়া শহরে। জীবনের শেষভাগের প্রায় ৫০ বছর কাটানোর পর তুরস্কের এই শহরেই মারা যান রুমি। এখানে রুমির মাজারে তাঁর মৃত্যুদিবসে এখনো প্রতি বছরের ১৭ ডিসেম্বর ঘূর্ণি-নৃত্যে মাতোয়ারা দরবেশদের এক মহোত্সব বসে রুমির স্মরণে। নানা দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নানা জাতি-ধর্ম-বর্ণের হাজার হাজার মানুষ যোগ দেন রুমির এই স্মরণোত্সবে।

রুমির জীবনের সবচেয়ে মোড় ঘোরানো ঘটনাটি ঘটে ১২৪৪ সালে। যখন রুমির সঙ্গে জ্ঞানতাপস শামস তাবরিজির দেখা হয়। রুমির বয়স তখন ৩৭ বছর। পিতা এবং পিতামহের পথ অনুসরণ করে রুমি তখনো একজন বিদ্বান ধর্মগুরুর কাজ করে যাচ্ছিলেন। তাবরিজির সঙ্গে এক অনন্যসাধারণ বন্ধুত্বে জড়িয়ে পড়েন রুমি। লেখক ব্র্যাড গুচ বলেন, ‘মাত্র তিন বছর স্থায়ী এই সম্পর্কে তাবরিজি ও রুমি কি কেবল গুরু-শিষ্যই ছিলেন, নাকি একে অন্যের সঙ্গে আরও গভীর কোনো সম্পর্কে জড়িয়েছিলেন, তা কখনোই স্পষ্ট হয়নি।’ তিন বছর পরই তাবরিজি নিরুদ্দেশ হয়ে যান। কথিত আছে, রুমির এক ছেলে তাঁকে হত্যা করেন। আবার কেউ কেউ মনে করেন, বিচ্ছেদ সম্পর্কে শিক্ষা দিতেই রুমির কাছ থেকে চলে যান তাবরিজি। সে যা-ই হোক, রুমি কবিতায় মনোনিবেশ করে নিজেকে সামলে নিতে থাকেন। রুমির লেখা বেশির ভাগ কবিতাই ৩৭ থেকে ৬৭ তিন দশকজুড়ে লেখা। গজল এবং হামদ-নাত মিলিয়ে প্রায় তিন হাজার পঙক্তি লেখেন রুমি। প্রায় দুই হাজার রুবাইয়্যাত (চার লাইনের বিশেষ রীতির কবিতা) লেখেন রুমি। রুমির অনন্য সৃষ্টি বিপুল আকারের ছয় খণ্ডের আধ্যাত্মিক মাহাকাব্য মসনবী।
তাবরিজির সঙ্গে বিচ্ছেদের পরের এই তিন দশকজুড়েই রুমি কাব্য, গীতি ও নৃত্যকে ধর্মীয় চর্চায় আত্তীকৃত করেন। রুমি ঘূর্ণিনৃত্যে পাক খেতে খেতেই ধ্যান করতেন, মুখে মুখে কবিতা রচনা করতেন। রুমি তাঁর ২ হাজার ৩৫১ নম্বর গজলে নিজেই যেমনটা লিখেছেন, ‘একসময় আমি প্রার্থনার আবৃত্তি করতাম। এখন আমি ছড়া কবিতা ও গান গাই।’ ৮০০ বছর পর এখনো রুমির কবিতায়-গজলে সুরারোপ অব্যাহত আছে। রুমির রচনা আধুনিক কবিতা, গান এবং গল্প-উপন্যাস ও চলচ্চিত্রের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এখনো। ফেসবুকে রুমির নামে একের পর এক পেজ তৈরি হচ্ছে আর প্রতিদিনই সেখানে উঠছে নিত্যনতুন পোস্ট। ইউটিউব ও টুইটারে রুমির নামে প্রতিদিনই কোনো না কোনো পোস্ট হচ্ছে। কিন্তু কেন রুমি এখনো এত বহুল চর্চিত, এমনকি পাশ্চাত্য সংস্কৃতিতেও?

সুফি রুমির অন্তরের চোখ
রুমি আনন্দ ও ভালোবাসার কবি। লেখক ব্র্যাড গুচ বলেন, ‘শামসের সঙ্গে বিচ্ছেদের মোকবিলা, ভালোবাসা, সৃষ্টির উত্স এবং বিলয় আর মৃত্যু নিয়ে ভাবনা থেকেই তাঁর কবিতা জন্ম নিয়েছে। রুমির বারতা বিচ্ছিন্ন করে এবং যোগাযোগ ঘটায়। একবার আমি দেখলাম গাড়ির একটা বাম্পার-স্টিকারে রুমির কবিতার লাইন লেখা।’
অ্যালান গিনসবার্গের সঙ্গে সহপ্রতিষ্ঠাতা হিসেবে নারপোরা বিশ্ববিদ্যালয়ের জ্যাক ক্যারোয়াক স্কুল অব ডিজএমবডিড পোয়েটিকস চালু করেন কবি অ্যান ওয়াল্ডমান। বর্তমানে সেখানেই কাব্যতত্ত্বের অধ্যাপক হিসেবে কাজ করা এই কবি বলেন, ‘রুমি আমাদের সময়ের খুবই ভাবনা-জাগানিয়া ও রহস্যময় কবি এবং ব্যক্তিত্ব। বিশেষত যখন আমরা সুফি ঐতিহ্য বুঝতে চাইছি, পরমানন্দ ও সাধনার প্রকৃতি এবং কবিতার শক্তি বুঝতে চাইছি।’
আমেরিকার রুমি-রেনেসাঁয় উদ্দীপনা সৃষ্টিকারী হিসেবে যাকে বিশেষভাবেই চিহ্নিত করা যায়, যার অনুবাদকে ঘিরে নতুন করে মার্কিন মুল্লুকে ছড়িয়ে পড়েন রুমি, তিনি কোলম্যান বার্কস। তাঁর মতে, ‘এখনো রুমির কাব্যরাজত্ব বজায় থাকার কারণ তাঁর কল্পনার চমকপ্রদ সজীবতা। আমাদের উপলব্ধিতে আসা গভীর আকাঙ্ক্ষা এবং তাঁর গভীর রসবোধ, যা সব সময়ই প্রজ্ঞা মেশানো এক খেলায় মেশানো থাকে।’
কবি রবার্ট ব্লাই ১৯৭৬ সালে এ জে. আরবারির করা রুমির একটা অনুবাদ বার্কসকে দিয়ে বলেন, ‘এই কবিতাগুলোকে খাঁচা থেকে মুক্ত করা দরকার।’ বার্কস এগুলোকে জড়সড় বিদ্যায়তনিক ভাষা থেকে বদলে আমেরিকান-স্টাইলের মুক্ত পঙক্তিতে রূপান্তর ঘটান। তখন থেকে ৩৩ বছরে বার্কস অনূদিত রুমির ২২ খণ্ড প্রকাশিত হয়েছে। এর মধ্যে আছে দ্য এসেনশিয়াল রুমি, এ ইয়ার উইথ রুমি, রুমি: দ্য বিগ রেড বুক, স্পিরিচুয়াল ডায়েরি অব রুমিস ফাদার এবং দ্য ড্রাউনড বুক। সবগুলোই হারপার ওয়ান থেকে প্রকাশিত। বিশ্বজুড়ে বইগুলোর ২০ লাখ কপি বিক্রি হয়েছে এবং ২৩টি ভাষায় এসবের অনুবাদ হয়েছে।
সময়ের চেয়ে ৮০০ বছর এগিয়ে
রুমির অনুবাদক কোলম্যান বার্কস বলেন, ‘আমি অনুভব করি যে ঠিক এখনই একটা শক্তিশালী বৈশ্বিক আন্দোলন চলছে, একটা চিন্তাপ্রবাহ ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, যা ধর্মের তৈরি করা বিভেদের দেয়াল সরিয়ে ফেলতে চায়, যা সাম্প্রদায়িক সহিংসতা থামাতে চায়। বিশ্বাস করা হয় যে, ১২৭৩ সালে রুমির অন্ত্যেষ্টিক্রিয়ায় সব ধর্মের মানুষ এসেছিলেন। কেননা তাঁরা মনে করেছেন যে, “আমরা যে যেখানেই থাকি না কেন, তিনি আমাদের বিশ্বাসকে গভীর করেছেন।” এটাই এখনো তাঁর আবেদনের একটা শক্তিশালী কারণ।’
রুটগার্স বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ও মধ্যযুগের সুফি দর্শনের বিশেষজ্ঞ এবং রুমির অনুবাদক জাভিদ মুজাদ্দেদি বলেন, ‘পারস্যের কবিদের মধ্যে রুমি একজন সফল নিরীক্ষণধর্মী স্রষ্টা এবং সুফি পণ্ডিত। সমৃদ্ধ রহস্যবাদিতা এবং কাব্যরূপের শক্তিশালী আত্তীকরণের এই অনন্য সমন্বয়ই এখনো রুমির জনপ্রিয়তার অন্যতম চাবিকাঠি।’
জাভিদ মুজাদ্দেদি মনে করেন রুমির কাব্যে চারটি প্রধান সৃজনশীল বৈশিষ্ট্যকে চিহ্নিত করা যায়। প্রথমত, পাঠককে সরাসরি দ্বিতীয় পুরুষে সম্বোধনের বিরলতা, যা এখনকার পাঠকেরাও দারুণভাবে গ্রহণ করেছে। দ্বিতীয়ত, শিক্ষাদানের প্রতি তাঁর আকাঙ্ক্ষা। অনুপ্রেরণাদায়ী সাহিত্যের পাঠকেরা এ কারণে রুমির কবিতায় প্রবলভাবে আকৃষ্ট। তৃতীয়ত, তাঁর কাব্যে প্রাত্যহিকতার নানান রূপকল্পের প্রবল উপস্থিতি। আর সবশেষে, রুমির ভালোবাসার গজলগুলোতে মিলনের উপলব্ধির একটা আশাবাদী আখ্যানকে হাজির করা। প্রথাগতভাবে যেখানে মিলনের অসম্ভবপরতাকেই হাজির করা হয় এবং প্রেমাস্পদের কাছ থেকে পাওয়া নিষ্ঠুর প্রতিদানকেই সামনে নিয়ে আসা হয়, সেখানে রুমি সম্পূর্ণ ভিন্নভাবে মিলনকে হাজির করেছেন, উদযাপন করেছেন।
ফারসি ভাষায় রুমির রচনা এতটাই প্রভাবশালী যে, উসমানীয় আমলজুড়ে পারস্যে বহু বিদ্যায়তন গড়ে উঠেছিল শুধু রুমি অধ্যয়নের জন্যই। চরম রহস্যবাদিতা ও কাব্যময়তায় সমৃদ্ধ রুমির ২৬ হাজার পঙক্তির মহাকাব্য মসনবি কোনো একক লেখকের লেখা দীর্ঘতম সৃষ্টি। রুমি এখনো দুনিয়াজুড়ে বিভিন্ন ভাষায় অনূদিত হচ্ছেন। রুমির জীবনের নানা আখ্যান নিয়ে নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে। একের পর এক রুমির রচনার টীকা-ভাষ্য প্রকাশিত হচ্ছে। রুমির কবিতা আমাদের মনে করিয়ে দিচ্ছে দৈনন্দিন জীবনেও কবিতার কী বিপুল প্রভাব থাকতে পারে, প্রাত্যহিকতার মধ্যেও কীভাবে জড়িয়ে থাকে।