‘ত্যাড়া’ বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করেছে। প্রথমবারের মতো এভারেস্টশৃঙ্গে উড়িয়েছে লাল-সবুজের পতাকা। মুসা ইব্রাহীম আমাদের স্কুল ও কলেজের বন্ধু। ঠাকুরগাঁও সুগার মিলস কলোনিতে বিশাল সময় আমরা কাটিয়েছি একই আঙিনায়। বাবার চাকরির সুবাদে আমরা পড়তাম ঠাকুরগাঁও সুগার মিলস হাইস্কুলে। মুসা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের ক্লাসের ‘ফার্স্ট বয়’ ছিল। ক্লাসে ও ক্লাসের বাইরে আমরা ছিলাম সাত বন্ধু—মুসা ইব্রাহীম, তৌফিক-ই-এলাহী (জাপানে পিএইচডি করছেন), আশরাফ ইবনে সিদ্দিক (মিডিয়া কমের সহকারী মহাব্যবস্থাপক), এ এইচ এম মাসুম (সরকারি কলেজের শিক্ষক), সাজ্জাদ আলম (বেসরকারি সংস্থায় কর্মরত), হুমায়ুন কবির (ব্যাংকার) এবং আমি। পড়ালেখা, খেলাধুলার বাইরে কত সময় আমরা কাটিয়েছি শুক নদীতে গোসল করে, বুড়ির বাঁধে সাঁতার কেটে, বকুলের দোকানে আড্ডা মেরে, আমবাগানে ঢিল মেরে—তার হিসাব নেই। সকাল-সন্ধ্যায় পড়েছি মোস্তফা স্যারের বাসায়, মোফাজ্জল স্যারের বাসায়—সব একসঙ্গে। গফুর স্যারের ক্লাসে মন্ত্রমুগ্ধ হয়ে গল্প শুনেছি, সেলিনা আপার বিজ্ঞানের তত্ত্ব শুনেছি, সবকিছুতেই মুসা ছিল আমাদের মধ্যমণি। এই স্কুল থেকেই মুসা ৮৫০-এর বেশি নম্বর পেয়ে এসএসসি পাস করে। পরে আমি, তৌফিক-ই-এলাহী আর মুসা মিলে ভর্তি হলাম ঢাকার নটর ডেম কলেজে। ১৯৯৪ সালের শেষের দিকের কথা; তখন ঢাকায় আমরা নতুন। কিছুই ভালো লাগে না। কলেজের ক্লাস শেষ হওয়ার পর ভিন্ন গ্রুপের হওয়ার কারণে বাইরে এসে কখনো মুসা দাঁড়িয়ে থাকত, না হয় আমরা। তারপর একসঙ্গে মেসে ফিরতাম। এভাবেই কেটে যায় কলেজজীবন। এরপর মুসা ভর্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আর আমরা ভর্তি হলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর থেকে ঢাকা এলেই আমাদের ঠিকানা ছিল মুহসীন হলে মুসার ৪৬৫ নম্বর রুম। সারা রাত আড্ডা আর তাঁর কম্পিউটারে ছবি দেখা ছিল আমাদের রুটিন। মুহসীন হলের ওই রুমেই আমরা বানিয়ে ফেলতাম এক টুকরো ঠাকুরগাঁও। আমরা আদর ও দুষ্টুমি করে তাকে ডাকতাম ‘ত্যাড়া’ বলে। এর কারণ হচ্ছে, ও যেটা বলবে সেটাই করবে। মুসার এভারেস্ট জয়ের পর তার মায়ের সঙ্গে কথা হয়, তখন খালাম্মা হাসতে হাসতে বলছিলেন, ‘বাবা, দ্যাখো, তোমাদের ত্যাড়া বন্ধু কী করল?’ এ বন্ধুই আমাদের শিখিয়েছে কীভাবে লক্ষ্য স্থির করতে হয় এবং কীভাবে এর শিখরে পৌঁছাতে হয়। তার জন্য রইল আমাদের অনেক ভালোবাসা। দেওয়ান লালন আহমেদজ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, মুন্সীগঞ্জ