'ত্রুটিপূর্ণ সেতু বোয়ালখালী রেল দুর্ঘটনার অন্যতম কারণ'
মহানগর পরিবেশ উন্নয়ন কমিটির নেতারা ২৩ জুন বোয়ালখালীতে রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এক বিবৃতিতে বলেন, ত্রুটিপূর্ণ সেতু বোয়ালখালী রেল দুর্ঘটনার অন্যতম কারণ। আজ থেকে পাঁচ বছর আগে বেঙ্গুরা বোয়ালখালী খালের ব্রিজটি ট্রেন চলাচলের অযোগ্য হয়ে যায়। চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ সেতুটি মেরামতের উদ্যোগ নেয়নি। মার্চ, এপ্রিল মাসে লাইনের কাজ করলেও সেতুর কাজ করা হয়নি। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
১৯ জুন শুক্রবার বেলা একটার দিকে দুর্ঘটনায় ইঞ্জিনসহ চারটি তেলের ওয়াগন বোয়ালখালী খালে পড়ে যায়। এই তেল দ্রুত কর্ণফুলী ও হালদা নদীতে ছড়িয়ে গিয়ে মারাত্মক পরিবেশ দূষণ করে।
বিবৃতিতে নেতারা দাবি জানান, কোনো রকম দুর্বল সংস্কার করে ওই সেতু দিয়ে রেল চালু করা উচিত হবে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। তাঁরা চট্টগ্রাম রেল কর্তৃপক্ষের অবেহলা ও দুর্নীতির বিষয়টিও তদন্ত করে দেখার দাবি জানান।
বোয়ালখালী রেল দুর্ঘটনার কারণ জানিয়ে পরিবেশ উন্নয়ন কমিটি বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও প্রদান করে। এ সময় কমিটির চেয়ারম্যান আবু সুফিয়ান, এম লোকমান হাকিম, প্রণবরাজ বড়ুয়া, সাজু চৌধুরী, মিল্টন সাহা ও অরুণ বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।