‘থাকার জায়গা নেই, খেত করব কোথায়’
লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের বুলু আকতারের স্বামী ভ্যানগাড়ি চালান। থাকেন ছোট্ট একটি কাঁচা ভাড়া ঘরে। আমিরাবাদের রানী দাশের মাথা গোঁজার মতো সামান্য ভিটে থাকলেও সদর এলাকার ডেইজি আক্তারের থাকার জায়গাই নেই। তাই গাছের চারা রোপণ কিংবা সবজিখেত করে পরিবারের জন্য কিছু করবেন এমন সাধ থাকলেও তা তাঁদের সাধ্যের বাইরে। আর তাই সরকারের দেওয়া বিনা মূল্যের গাছের চারা কেনার টাকা কিংবা সবজি বীজ নিতেও রাজি নন তাঁরা। তাঁদের প্রশ্ন, ‘থাকার জায়গা নেই, খেত করব কোথায়?’বুলু আকতার, রানী দাশ ও ডেইজি আক্তারের মতো বিভিন্ন এলাকার ২১০ জন ভূমিহীন হতদরিদ্র নারী-পুরুষকে টাকা ও বীজ দেওয়ার জন্য ৮ ডিসেম্বর ডেকে আনা হয়েছিল উপজেলা বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) মিলনায়তনে। এর মধ্যে কর্মকর্তাদের নির্দেশ মেনে ৬০ জন টাকা ও সবজি বীজ নিলেও অন্যরা খালি হাতে ফিরে যান।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ আওতায় লোহাগাড়া উপজেলার ২১০ জন ভূমিহীন ও হতদরিদ্র ব্যক্তির মাধ্যে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। গত ৩০ নভেম্বর তালিকাভুক্তদের ডেকে প্রশাসনের পক্ষ থেকে চারা ও বীজ বিতরণ করতে চাওয়া হলে সংশ্লিষ্ট ভূমিহীন ব্যক্তিরা জানান, তাঁদের বেশির ভাগেরই গাছ লাগানো বা সবজি চাষ করার মতো জায়গা নেই। অনেকেরই নেই থাকার জায়গাও। তা ছাড়া এখন চারা বা সবজি বীজ লাগানোর মৌসুম না হওয়ায় অন্য কাউকে দিলেও তাঁরা এগুলো নিতে চাইবেন না। শেষ পর্যন্ত তাঁরা চারা ও বীজ না নিয়েই ফিরে যান।এ অবস্থায় কর্তৃপক্ষ চারা দেওয়ার পরিবর্তে চারা কেনার জন্য ৯০ জনকে জনপ্রতি এক হাজার টাকা এবং অন্য ১১০ জনকে সবজি বীজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ৮ ডিসেম্বর উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকা ও বীজ বিতরণ করতে গেলে তা নিয়েছেন মাত্র ৬০ জন। এই প্রকল্পের আওতাধীন হরিণা গ্রাম উন্নয়ন দলের সভাপতি আলী আহমদ বলেন, যাঁদের ভিটেবাড়ি নেই, তাঁরা খেত কোথায় করবেন তা সরকারের ভেবে দেখা উচিত ছিল।এ ব্যাপারে উপজেলা বিআরডিবি কর্মকর্তা কৃষ্ণ দুলাল দাশ বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।’ গাছের চারার পরিবর্তে টাকা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা চারা না নেওয়ায় তাঁদেরকে চারা কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। জায়গা না থাকলে বর্গা নিয়ে হলেও সবজি খেত বা চারা লাগাতে হবে। আমিরাবাদের রানী দাশ বলেন, ‘এর আগে ডাল চাষের জন্য জমি বর্গা চেয়েও পাইনি। বর্তমানে চারার টাকা দিয়ে চাল কেনা ছাড়া কোনো গতি নেই।’ লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা বলেন, সরকারের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নেওয়া ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ প্রশংসনীয় উদ্যোগ। তাই গাছের চারা ও সবজি চাষের জন্য অবশ্যই চেষ্টা চালাতে হবে। পর্যায়ক্রমে হতদরিদ্রদের মধ্যে গরু ও টিন বিতরণ করা হবে বলে তিনি জানান।