'থানায় ভুল তথ্য দিয়ে নিরপরাধ ব্যক্তির ক্ষতি করবেন না'
এলাকার মানুষ সচেতন হলে অপরাধ অনেকটা কমে আসবে। স্থানীয় ব্যক্তিরা তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে। তবে থানায় ভুল তথ্য দিয়ে নিরপরাধ ব্যক্তির ক্ষতি করবেন না।
সাতকানিয়া থানা-পুলিশ আয়োজিত জনসচেতনতামূলক সভায় বক্তারা এ কথা বলেন। ১৮ জানুয়ারি দিনব্যাপী উপজেলার চরতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেনের সভাপতিত্বে ওই সভাগুলোতে বক্তব্য দেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল, উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন, মো. নিজাম উদ্দিন, দীপন চন্দ্র সরকার, শ্যামল মজুমদার, মাহমুদুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, সাতকানিয়া উপজেলার সবচেয়ে দূরবর্তী ও দুর্গম ইউনিয়ন হচ্ছে চরতি। এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা অবাধে চলাফেরা করেন। সন্ত্রাসী, মাদক বিক্রেতা, চোর, ডাকাতসহ বিভিন্ন অপরাধীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতাদের পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।