
আপনার আদরের বাচ্চাটা কি প্রজাপতি পছন্দ করে? অথবা রূপকথার সেই সিনড্রেলা? আর টম অ্যান্ড জেরি পেলে টিভি ছেড়ে উঠতেই চায় না! মিকি মাউস বা ডোরেমন টিভিতে দেখলে নাওয়া-খাওয়া ভুলে যায়? কিংবা হালে তার পছন্দের তালিকায় উঠেছে ফ্রোজেন ছবির রানি এলসা কিংবা ওলাফ। এই সবকিছুর উত্তর হ্যাঁ হবে—এটা জানা কথা। ভাবুন তো একবার, এসব চরিত্রই আপনার শিশুর জন্মদিনে হাজির হলো। অথবা এমনও তো হতে পারে, জন্মদিনের পুরো আবহটা করা হলো এসব চরিত্র বা থিম দিয়ে। তাহলে কিন্তু বাচ্চার মুখের হাসিটাই শুধু দীর্ঘ হবে না, জন্মদিনের গল্পটা ওর মুখে লেগে থাকবে বছরজুড়ে।
আদরের বাচ্চার জন্মদিন মানেই ওর পছন্দের সব আয়োজন, যা আয়োজকদের ভাষায় ‘থিম বেসড বার্থডে পার্টির’। নগরে এমনটা এখন হরহামেশাই হচ্ছে। অন্তত আয়োজকেরা তাই জানালেন। নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে দেয় এমন প্রতিষ্ঠান ওয়েডিং ডায়েরির ক্রিয়েটিভ হেড পলা রহমান বললেন, ‘একটা সময় ছিল, শুধু বেলুন দিয়েই জন্মদিনের পার্টি সাজানো হতো। কিন্তু থিম ধরে আয়োজনটা শুরু হয়েছে বছর দুই-তিন হলো। এখন এ চাহিদা বাড়ছেই। এখন বাবা-মায়েরা তাঁর সন্তানকে চমক দিতেও এ ধরনের পার্টির আয়োজন করে থাকেন। আয়োজনের পুরোটা জুড়ে সন্তানের পছন্দ প্রাধান্য পায়। হতে পারে সেটা কোনো অ্যানিমেটেড ছবির চরিত্র অথবা বাচ্চাদের পছন্দের কার্টুন চরিত্র।’

এ ধরনের পার্টির বেলায় পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয় পছন্দের থিম ধরে। ফটোবুথ, কেকবুথসহ খাবার টেবিলটা সাজানো হয় ওই থিমে। আর খাবার পরিবেশনকারীরাও পরেন ওই চরিত্রানুযায়ী পোশাক। পলা রহমান জানালেন, এ মুহূর্তে মেয়েশিশুরা পছন্দ করছে বাটারফ্লাই, হ্যালো কিটি, সিনড্রেলা, ফ্রোজেনসহ নানা ধরনের থিম। আর ছেলেশিশুর পছন্দের তালিকায় রয়েছে স্পাইডার ম্যান, হ্যারি পটার, টম অ্যান্ড জেরি এবং বেনটেন।
এমন বার্থডে পার্টির আয়োজক প্রতিষ্ঠান আপন ওয়েডিংয়ের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন জানালেন, কদিন আগে তাঁরা এক জন্মদিনে হাজির করেছিলেন চেরাগের দৈত্য আর আলাদিন। সেই পার্টিতে প্রবেশ করতে হয়েছে একটা গুহা দিয়ে। আর গুহার দরজা খুলেছে নির্দিষ্ট বাক্য বলার পরই। ভেতরে ঢোকার পর দৈত্যরা এসে পরিবেশন করেছে খাবার। কল্পনার এমন সব আয়োজন বাস্তবে এনে দিচ্ছে এসব ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। আর খরচ! এটা নির্ভর করে গ্রাহকের চাহিদার ওপর। চাইলে ২০ হাজার টাকায়ও করা যায় আবার দুই লাখ টাকায়ও করা যায়। এমনটাই জানালেন পলা রহমান ও জাহাঙ্গীর হোসেন।
শুধু তা-ই নয়, এসব কিছু ছাড়াও নির্দিষ্ট চরিত্র হাজির করা যায় বার্থডে পার্টিতে। ডোরেমন, পোকেমন থেকে শুরু করে টম অ্যান্ড জেরি পর্যন্ত আসতে পারে আপনার শিশুর প্রিয় দিনটায়। এ জন্য একেকটা চরিত্রের জন্য খরচ পড়ে তিন থেকে পাঁচ হাজার টাকা।