'থিয়েটার সব সময় সত্যসন্ধানী আলোর উৎসমুখ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা l সৌরভ দাশ
বিশ্ব নাট্য দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা l সৌরভ দাশ

নানা আয়োজনে ২৭ মার্চ চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। এসব কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, নাটকের গান, নাচ ও নাটক। আলোচনা সভায় বক্তারা বলেন, থিয়েটার সব সময় সত্যসন্ধানী আলোর উৎসমুখ। যার চর্চা আমাদের ভাবনা ও মননকে তাড়িত করে।
আলিয়ঁস ফ্রঁসেজ: আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে বিকেল চারটায় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টসের (বিটা) যৌথ উদ্যোগে আয়োজন করা হয় সেমিনার। ‘মাতৃভাষা চর্চা ও উন্নয়ন নাটক: প্রসঙ্গ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক আইরিন সুলতানা। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ। স্বাগত বক্তব্য দেন বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার, সহকারী পরিচালক গুরুপদ চক্রবর্তী প্রমুখ।
থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম : নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের (টিআইসি) উদ্যোগে সন্ধ্যা সাতটায় লেকচার থিয়েটার মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও নাটকের গান। শুরুতে রাশিয়ার নাট্য নির্দেশক আনাতোলি ভাসেলিয়েভের বাণী পড়ে শোনান নাট্যকার অলক ঘোষ। এরপর টিআইসির পরিচালক আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিক্রম চৌধুরী, সনজীব বড়ুয়া, সুচরিত দাশ, সুজিত চক্রবর্তী, জুয়েল ধর, রমিজ আহমেদ প্রমুখ। আলোচনা শেষে নাটকের গান পরিবেশন করেন সুজিত চক্রবর্তী ও কথক নাট্য সম্প্রদায়ের কর্মীরা।
নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে বেলা ১১টায় নাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। শোভাযাত্রা শেষে জিয়া হায়দার স্টুডিওতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক কুন্তল বড়ুয়া। বক্তব্যের পরই নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাটক যুগল স্বপ্ন, রাজশাহীর গম্ভীরা, আবৃত্তি, স্ট্যান্ডআপ কমেডি ও কাজল রেখা নাটকের গান।
শিল্পকলা একাডেিম: জেলা শিল্পকলা একাডেিম ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ উদ্যোগে শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চে সন্ধ্যা ছয়টায় আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক। শুরুতে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাণী পাঠ করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম। এরপর সভায় বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক তাহের প্রমুখ। সভার পর নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে উৎসর্গ করে গান ও নাচ পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা। সবশেষে থিয়েটার ওয়ার্কশপ পরিবেশন করে পথনাটক একাত্তরের তেলেসমাতি।
ফেইম : ‘পুরো বিশ্বই আমাদের রঙ্গমঞ্চ’ স্লোগান সামনে রেখে বিশ্ব নাট্যদিবস উদ্যাপন করল ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। ফেইমের আয়োজনে এবারের নাট্য দিবসের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে নাট্যকর্মী সোহাগী জাহান তনুর স্মৃতির উদ্দেশে। শুরুতে শহীদ মিনার থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রার ফাঁকে ফাঁকে শহীদ মিনার, ডিসি হিল ও প্রেসক্লাবের মোড়ে ছিল ফেইমের নাট্যকলা ও নৃত্য বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা। চেরাগী পাহাড় মোড়ে শুরু হয় মূল অনুষ্ঠান। ফেইমের অধ্যক্ষ অসীম দাশ পড়ে শোনান এ বছরের নাট্য দিবসের বিবৃতি। এরপর ফেইমের সদস্যরা পরিবেশন করেন নাটকের গান, নাটক পাঠ ও ক্লাস ওয়ার্ক। একক অভিনয়ে সানোয়ার সুমন পরিবেশন করেন স্মলেস্ট থিয়েটার।