রকেটটি ২০০টি হাতি কিংবা পাঁচটি সুবিশাল জেট বিমানের সমান। এটিই ভারতের সবচেয়ে ভারী রকেট, যার ওজন ৬৪০ টন। সুবিশাল এই মহাকাশযান গতকাল সোমবার বঙ্গোপসাগরের শ্রীহরিকোটা (অন্ধ্র প্রদেশ) থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
স্থানীয় একটি সংবাদপত্র এই রকেটকে ‘দানবীয়’ আখ্যা দিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) ভাষ্য, এটা দেশের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জনের দিন। এখন থেকে ভারতকে আর ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইউরোপীয় রকেটের ওপর ভরসা করে থাকতে হবে না।
বাণিজ্যিক স্যাটেলাইটের বিশ্ববাজারে ভারতের অংশীদার দিনে দিনে বাড়ছে। ১৪০ ফুট লম্বা রকেটটির নাম জিএসএলভি মার্ক দ্য থার্ড। এটি কক্ষপথের সমান উচ্চতায় তিন টনের বেশি জিনিসপত্র পরিবহন করতে পারে। অবশ্য এটি স্যাটার্ন দ্য ফিফথ রকেটের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার ওই রকেট ১৯৬৭ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে।
ইসরোর আশা, তারা ২০২৪ নাগাদ এই দানবীয় রকেটে করে একজন নভোচারীকে মহাকাশে পাঠাতে পারবে।
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর মহাশূন্যে মানুষ পাঠানোর কৃতিত্বের অধিকারী চতুর্থ দেশ হওয়ার স্বপ্ন দেখছে ভারত।
এনডিটিভি লিখেছে, ভারতের নতুন রকেটটি পাঁচটি জাম্বো জেটবিমানের সমান ভারী। বেশি ওজনের কমিউনিকেশন স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে রকেটের ওজনও বেশি হওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ধরনের স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে ভারত এখন আগের চেয়ে স্বচ্ছন্দ হতে পারবে।
ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের বিশ্লেষক অজয় লেলে বলেন, ভারত আগে দুই টন পর্যন্ত ওজনের স্যাটেলাইট পাঠাতে পারত। এখন সেই সামর্থ্য দ্বিগুণ হলো।