আড়াই ফুট উচ্চতা পদে পদে বাধা দেয় জান্নাতুল আক্তার নামের মেয়েটিকে। কলেজে আসা-যাওয়া তো দূরের কথা, নিজের কাজগুলোই ঠিকমতো করতে পারে না। সেই ছোট্ট থেকে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে প্রায় অসম্ভবকে সম্ভব করার যুদ্ধে নেমেছেন চাঁদপুর মতলব দক্ষিণের এই মা নাজমা বেগম

আপনার ছেলেমেয়ে কজন?
‘এক মেয়ে দুই ছেলে। জান্নাত দ্বিতীয়। দুই ছেলে সুস্থ, স্বাভাবিক। বড় ছেলে এসএসসি পাস করে ঢাকায় কাজ করতে গেছে। ছোট ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে।’
মেয়েকে অনাদার না করে তার প্রতি যত্নবান হয়েছেন আপনি...
‘হ্যাঁ, জন্মের ওপর তো কারোর হাত নেই। জন্ম থেকেই জান্নাতের ওই সমস্যা। আমার মনে জেদ চাপল, ওকে মানুষ করতে হবে। পড়াশোনা শেখাতে হবে। পাঁচ বছর বয়সে ওকে প্রাথমিক স্কুলে ভর্তি করি। তখন থেকেই কোলে করে স্কুলে আনা-নেওয়া শুরু করি। দিনভর ওর সঙ্গে স্কুলেই বসে থাকতাম। এখনো কলেজে (মতলব ডিগ্রি কলেজ) রোজ বসে থাকতে হয় আমাকে। আমার কোলে বসেই পরীক্ষা দেয় ও।’

আপনার সংসার সামাল দেয় কে?
‘আমিই। ভোর চারটায় ঘুম থেকে উঠতাম। এখনো উঠি। সবার জন্য খাবারদাবার বানিয়ে, ঘরদোর গুছিয়ে তবেই মেয়েকে নিয়ে বেরোই। দুপুরের পর বাড়ি ফিরে আবার ঘরের কাজে ঝাঁপিয়ে পড়ি। আমার স্বামী অন্যের জমি চাষ করেন। নিজেদেরও অল্পস্বল্প কিছু জমি আছে।’
মায়ের কোলে আলোর পথ
অনেকে তো হাল ছেড়ে দেয়...
‘আর দশটা মেয়ের মতো সুস্থ, স্বাভাবিক হলে চিন্তা ছিল না। এখন ও (জান্নাত আক্তার) কলেজে দ্বিতীয় বর্ষে পড়ছে। আমার চাওয়া শুধু একটাই, পড়াটা শেষ করে ও যেন একটা চাকরি পায়। নিজের মতো করে যেন চলতে পারে।’
এত কষ্টের প্রাপ্তি...
‘বাড়ি থেকে কলেজ ১৫ কিলোমিটার দূরে। রোজ ওকে কোলে নিয়ে কলেজে যাওয়া-আসা করতে হয়। এই করতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায়। ওরও একই অবস্থা। এত কষ্টের পরও রাতে মেয়েকে যখন বই নিয়ে পড়তে বসতে দেখি, তখন মনটা ভালো হয়ে যায়।’
সাক্ষাৎকার: আবুল হাসনাত
ছবি: জাকির হোসেন