
কক্ষের এক পাশে বইয়ের টেবিল। তাকে তাকে সাজানো বই। গল্প-উপন্যাস যেমন আছে, তেমনি রয়েছে একাডেমিক বিভিন্ন বইও। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি-সংক্রান্ত বইয়ের সংখ্যাও কম নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ব্যাগও রাখা আছে টেবিলের ওপরের তাকে। কক্ষের সবকিছুই আগের মতো আছে। শুধু কক্ষের বাসিন্দা নেই।
এই কক্ষটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রাক্তন ছাত্র দিয়াজ ইরফান চৌধুরীর। গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার বাসায় গেলে এই চিত্র দেখা যায়।
দিয়াজ ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। এসবের বাইরে ছিলেন তুখোড় বিতার্কিক ও সাংস্কৃতিক সংগঠক। ক্যাম্পাসের প্রিয় মুখ।
গত রোববার রাতে বাসার নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। চারতলা ভবনের দোতলায় থাকে দিয়াজের পরিবার। চার কক্ষের বাসাটির উত্তর পাশের কক্ষে থাকতেন দিয়াজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একপক্ষের নেতা-কর্মীদের অভিযোগ, দরপত্রের ঘটনাকে কেন্দ্র করে দিয়াজকে হত্যা করা হয়েছে। পরে খুনিরা লাশ ঝুলিয়ে রাখে। দিয়াজের পরিবারও মনে করে, এর নেপথ্যে দরপত্রকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি কাজ করেছে। তবে গতকাল দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি আত্মহত্যা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে দূরে থেকে ভালো থাকতে চেয়েছিলেন দিয়াজ নিজেও। এ ইচ্ছার কথা জানিয়ে ১১ নভেম্বর নিজের ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছিলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আমি একজন সাবেক শিক্ষার্থী, চবির সাথে আমার সম্পর্ক এটাই, চবির রাজনৈতিক কোন বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ না করার অনুরোধ রইল, করলে ব্লেকলিস্টে ঢুকবেন, আমায় আমার মতো করে ভালো থাকতে দেন, সবাই ভালো থাকুন।’ কিন্তু দিয়াজের আর ভালো থাকা হলো না।

তিন মেয়ে আর দুই ছেলেকে নিয়ে জাহেদা আমিন চৌধুরীর সংসার। সন্তানদের মানুষ করতে কঠোর জীবনসংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে দিয়াজ বিশ্ববিদ্যালয় পাস করেছেন। সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও ভালো করতে শুরু করছিলেন। একে একে উত্তীর্ণ হচ্ছিলেন বিভিন্ন লিখিত পরীক্ষায়। ছেলের সাফল্যের জন্য আর হয়তো বেশি দিন অপেক্ষা করতে হতো না জাহেদা আমিনকে। কিন্তু এর আগেই নেমে আসে তাঁর জীবনে চরম আঘাত।
আদরের দিয়াজকে হারিয়ে পাগলপ্রায় মা, বোন, নানি ও একমাত্র ভাই। কারও সান্ত্বনাই তাঁদের শোকের তীব্রতা কমাতে পারছে না। ক্ষণে ক্ষণে দিয়াজকে খুঁজে ফিরছেন তাঁরা। একটু পর পর বিলাপ করে যাচ্ছিলেন জাহেদা আমিন চৌধুরী, ‘আমার দিয়াজ কই? দিয়াজ মরে নাই, সে আমার বুকে ফিরে আসবে। তোরা আমার দিয়াজকে এনে দে।’ আবার পরক্ষণে বলতে থাকেন, ‘আমার ছেলেকে যারা কষ্ট দিয়ে মেরেছিস, আমাকেও একইভাবে মার। আমিও আমার ছেলের মতো কষ্ট অনুভব করতে চাই।’
ভাইকে হারিয়ে নাওয়া-খাওয়া নেই ছোট বোন সাঈদা ছরওয়ার চৌধুরীর। কিছু খেতে বললেই বলছেন, ‘আমার ভাই কবরে লাশ হয়ে শুয়ে আছে। ও না খেয়ে আছে। আমি কীভাবে খাব?’
দিয়াজ ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে থেকে জিপিএ-৫ নিয়ে এসএসসি ও ২০০৬ সালে জিপিএ–৪ দশমিক ৭০ নিয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিবিএ ও এমবিএতে প্রথম শ্রেণির সমমানের জিপিএ নিয়ে পাস করে এমফিলে ভর্তি হন ২০১৪ সালে।
পড়ালেখার বাইরে সহশিক্ষা কার্যক্রমেও সমান অংশগ্রহণ ছিল তাঁর। ২০০২ সালে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে পর্যায়েও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। আর বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে অংশ নিয়ে ২০০৩ ও ২০০৫ সালে পুরস্কার পেয়েছিলেন।
৩৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় পাস করলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দিয়েছেন মৌখিক পরীক্ষা। এখন ফলাফল প্রকাশের বাকি।
দিয়াজের মৃত্যুতে শুধু পরিবার নয়, মাতম চলছে কলেজ, বিশ্ববিদ্যালয় ও রাজনীতি-সংশ্লিষ্ট পরিচিতজনদের মধ্যেও। বাদ নেই সাংস্কৃতিক ও বিতর্ক সংগঠনের সদস্যরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে চলছেন তাঁরা। অনেকেই নিজের প্রোফাইল ছবি করেছেন দিয়াজের ছবি দিয়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন তাঁর ফেসবুকের ওয়ালে লেখেন, ‘দিয়াজের সাথে আমার প্রথম পরিচয় হয়, যখন সে প্রথম বর্ষে ভর্তি হয়। দিয়াজসহ কয়েকজন দিয়ে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠন গড়ে দিই। দিয়াজ ছিল এর যুগ্ম সম্পাদক। তাকে খুব কাছ থেকে দেখেছি, জেনেছি। তার চলে যাওয়াটা কোনোভাবেই মানতে পারছি না। যেখানে থাকুক ভালো থাকুক।’
লাশ উদ্ধারের দিন রাতে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেহেদী হাসান নিজের ফেসবুকে লেখেন, ‘দেখা হলেই হাসিমুখে কথা বলতেন। ছাত্রলীগের নেতাদের মধ্যে তার সাথেই রাজনৈতিক আলোচনাটা বেশি হতো। কেন এমন করলেন সেটা হয়তো অজানাই থাকবে। যেখানে থাকেন ভালো থাকবেন, দিয়াজ ভাই...স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।’
দিয়াজ ইরফানের মৃত্যুর সংবাদ শুনে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মিল্টন দেবনাথ তাঁর ‘কাঙাল মিটুন’ নামের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দেন, ‘আমি রাজনীতি করি নাই, চবির যে কয়েকজন ছাত্রনেতাকে ভালো লাগত, তাদের মধ্যে তুমি একজন। কেন জানি না। খুব ভালো লাগত। তোমার লগে আমার কোনো ছবি নাই ভাই। থাকলে আরেকটু কাঁদতে পারতাম। তোমার আদরমাখা ডাক কেমনে ভুলি ভাই?’