'দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হবে'
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে একটি করে ক্লাস নেওয়া হবে। একই সঙ্গে ক্লাসে এ–সংক্রান্ত তথ্যাদিও শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হবে। এর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সড়ক ব্যবহার সংক্রান্ত প্রাথমিক ধারণা জন্ম নেবে।’
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নগর কমিটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি ‘পথ চাই স্বস্তির’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১ সেপ্টেম্বর নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নিসচার সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিক আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের সাধারণ সম্পাদক এ এন এম এ মোমিন, অনুপ বিশ্বাস অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপক অনুপ বিশ্বাস, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন, ওসেপ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপক মুহাম্মদ জসিম উদ্দিন ও চেম্বার পরিচালক অহিদ সিরাজ।
সভায় কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও অপর্ণাচরণ গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের তিন শতাধিক শিক্ষার্থীর সামনে সড়ক ব্যবহার ও দুর্ঘটনা রোধে সচেতনতামূলক একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। বিজ্ঞপ্তি।