'দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেছেন, ‘পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনেক নেতিবাচক কথা শোনা যায়। ভুলে যাবেন না, আপনারা জনগণের করের টাকায় বেতন নেন। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
গত বৃহস্পতিবার দুপুরে চকরিয়া পৌর মিলনায়তনে মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আলমগীর চৌধুরী বলেন, ‘পৌরসভায় নগদ রয়েছে তিন লাখ ২১ হাজার টাকা। আর বকেয়া রয়েছে ৮০ লাখ ৮৪ হাজার টাকা। বিশাল ঘাটতি নিয়ে আমি দায়িত্ব বুঝে নিচ্ছি। এরপরও সবাইকে নিয়ে একটি পরিচ্ছন্ন শহর গড়তে চাই।’
পৌরসভার সচিব মাস-উদ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম। বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল কাদের, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম প্রমুখ।
পৌরসভা সূত্র জানায়, গত ২০ মার্চ চকরিয়া পৌরসভার চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী মেয়র নির্বাচিত হন।