মৃদাত শারিমা রহমানের বান্ধবী তাসনিয়া জহির। শৈশব থেকে তাঁদের বন্ধুত্ব। একসঙ্গে পড়েছেন, সুখ-দুঃখ ভাগাভাগি করেছেন তাঁরা। মৃদাত হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী তাসনিয়া। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে ওই দিনের মর্মস্পর্শী ঘটনার বর্ণনা দেন তাসনিয়া। চুম্বক অংশ তুলে ধরা হলো মৃদাত আমার বান্ধবী। কেজি ওয়ান থেকে তার সঙ্গে আমার পরিচয়। ২০০৭ সাল পর্যন্ত আমরা একই স্কুলে পড়েছি। সপ্তম শ্রেণীতে পড়ার সময় মৃদাত আমাকে জানায়, ‘আমার সঙ্গে একটা ছেলের সম্পর্ক হয়েছে। আমি তাকে পছন্দ করি। নাম সৌরভ।’ মাস দেড়েক পর স্কুলের ফটকে সৌরভের সঙ্গে আমাকে পরিচয় করে দেয় মৃদাত। এরপর তাদের প্রেমের ব্যাপারে তেমন কথা হয়নি। আমি হয়তো মাঝেমধ্যে জিজ্ঞেস করতাম, ‘কি, সব ঠিক আছে তো, সৌরভ ভাই কেমন আছে?’ ব্যাস এটুকুই। ২০০৮ সালে আমরা ‘ও’ লেভেল শেষ করি। মৃদাত আমার আগেই ‘এ’ লেভেল শেষ করে ২০১০ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এ সময় মৃদাতের সঙ্গে আমার ফোনে আলাপ হতো। গত বছর রমজানে মৃদাতের সঙ্গে আমার দেখা হয় সেন্ট্রাল প্লাজায়। ওই সময় সে আমাকে জানায়, ‘আমি সৌরভের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাই না।’ জিজ্ঞেস করি ‘কেন?’ সে জানায়, ‘দেখ, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি। অথচ সেই ছেলে এখনো এইচএসসি পাস করতে পারেনি। আমার পরিবার মেনে নেবে না।’ আমি কোনো মন্তব্য করিনি। কয়েক দিন পর মৃদাত আমাকে নতুন নম্বর থেকে ফোন করে জানায়, সে (মৃদাত) মোবাইল নম্বর পরিবর্তন করেছে। গত ঈদুল ফিতরের দু-তিন দিন পর সৌরভ আমাকে ফোন করে বলে, ‘মৃদাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর একটু পরিবর্তন হয়ে গেছে। সে আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছে না।’ আমি কিছু না বলে ‘হ, আচ্ছা’ ধরনের জবাব দিই। সৌরভ আমাকে বলে, ‘তুমি ওকে কিছু বলো।’ আমি সৌরভকে বলি, ‘এখানে আমার কিছু বলার নেই। ও যদি সম্পর্ক না রাখে তবে আমি কী করব?’ এরপর আমি সৌরভকে কোনো কথা বলতে না দিয়ে ফোন রেখে দেই। কিছুক্ষণ পর আমি মৃদাতকে ফোন করে সৌরভ যা বলেছে তা জানাই।কয়েক দিন সৌরভ আমাকে ফোনে অনুরোধ করে মৃদাতকে বোঝানোর জন্য। আমি বারবার অপারগতা জানাই। একপর্যায়ে আমি মৃদাতকেই বলি, ‘মৃদাত তুমি তো সম্পর্ক রাখবে না, এখানে আমার কি কিছু করার আছে?’ মৃদাত আমাকে বলে, ‘ও যখন বারবার ফোন করে বিরক্ত করছে, তখন দেখ সে কী চায়?’ পরে সৌরভ বলে, ‘ও যদি সম্পর্ক রাখতেই না চায় তবে আমার সঙ্গে শেষবারের মতো দেখা করুক। না হয় আমি সুইসাইড (আত্মহত্যা) করব।’ আমি সৌরভের বক্তব্য ফোনে মৃদাতকে জানাই। মৃদাত আমাকে বলে, ‘আমি নিজেই সৌরভের সঙ্গে যোগাযোগ করব।’ পরে মৃদাত আমাকে ফোন করে বলে, ‘সৌরভের সঙ্গে কথা হয়েছে। ও আমার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চায়। আমার চিঠি-কার্ড ইত্যাদি ফেরত দিতে চায়।’ কয়েক দিন পর মৃদাত নিজেই সাফাতদের বাসার ছাদে সৌরভের সঙ্গে দেখা করার বিষয়টা নিশ্চিত করে, সময়টাও নির্ধারণ করে সে। ২০১০ সালের ২১ অক্টোবর মৃদাত আমাকে ফোন করে বলে, আমি যেন বিকেল চারটায় সাফাতদের বাসায় যাই। সাফাত আমাদের ছোটবেলার বন্ধু হলেও ও আমার আম্মার মামা হয়। আমি বিকেল পাঁচটার কিছু আগে সাফাতদের বাসায় পৌঁছে যাই। সেখানে মৃদাত, নাবিল ও সাফাতকে দেখতে পাই। ওরা কথা বলছিল। পরে নাবিল তার বাসায় চলে যায়। সাফাতদের বাসায় আমরা নাশতা করি। মৃদাতের সঙ্গে সেটা আমার শেষ নাশতা। মৃদাতের সঙ্গে আমার বন্ধুত্ব একেবারেই ছোটবেলা থেকে। ওকে আমি ভালোবাসতাম, যা বোঝানো যাবে না। আমি কখনো পানির বোতল নিয়ে স্কুলে যেতাম না। পানি খেয়ে বোতলের ছিপি বন্ধ করতে ভুলে যেতাম। এতে পানি পড়ে বই-খাতা ভিজে যেত। আমি আর মৃদাত পাশাপাশি বসতাম। আমি ওর বোতল থেকেই পানি খেতাম। স্কুলে একসঙ্গে খেলতাম। যা হোক, নাশতা করে আমরা তিনজন একসঙ্গে ছাদে যাই। সাফাত সৌরভকে আনতে নিচে যায়। ওই সময় আমি ও মৃদাত ছাদে দাঁড়িয়ে কথা বলছিলাম। কিছুক্ষণ পর সাফাত সৌরভকে নিয়ে আসে। ছাদে দুজন মহিলা ছিলেন। সম্ভবত ভাড়াটে হবে। আমাকে দেখে সৌরভ কিছুটা রাগ করে বলেন, ‘এখানে এত বাইরের মানুষ! কীভাবে কথা বলব?’ আমরা তাঁকে বলি যে, উনারা থাকলে আলাপ করতে অসুবিধা হওয়ার কথা নয়। মৃদাত বলে, ‘জিনিসপত্র যা দেওয়ার দিয়ে তাড়াতাড়ি কথা বলে চলে যাও। আমার সময় নেই।’ এরপরও সৌরভ বলে, ‘না, আমি এখানে কথা বলতে পারব না।’ জবাবে মৃদাত বলে, ‘আমরা ওই কোণে গিয়ে কথা বলি। ওখানে কেউ নেই।’ তারা দুজন ছাদের কোণে চলে যায়। ছাদের এক অংশে একটি ঘর আছে। আমি আর সাফাত আগের জায়গাতেই দাঁড়িয়ে ছিলাম। আমরা তাদের দুজনকে দেখতে পাচ্ছিলাম। সৌরভ আমাদের বলে, ‘তোমরা দুজন নিচে যাও, আমি তোমাদের পরে ডাকব।’ আমি আর সাফাত পরস্পরের দিকে তাকিয়ে বলি, আমরা মৃদাতকে একা রেখে নিচে যাব না। মৃদাত ও সৌরভকে ওই অবস্থায় রেখে নিচে যেতে ইচ্ছে করছিল না। আমাদের কথা শুনে সৌরভ আবারও আমাদের নিচে যেতে বলে। আমরা সিদ্ধান্তে অনড় থাকি। আমরা মনে করেছিলাম, সৌরভ জিনিসপত্র ফেরত দিতে হয়তো, আমাদের সামনে অস্বস্তি বোধ করছে। তখন মাগরিবের সময় ঘনিয়ে আসছিল। নামাজের কিছু আগে সৌরভ আমাদের আবার বলে, ‘তোমরা এদিকে আসবে না।’ তার কথা শুনে তখনই আমরা কিছুটা ভয় পাই। আমরা ভাবি, হয় অশালীন কিছু হবে অথবা মৃদাতকে চড়-থাপড় দেবে সৌরভ। তখন আমিরবাগ আবাসিক এলাকার মসজিদে আজান হচ্ছিল। সম্ভবত আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি মৃদাতের একটি প্রচণ্ড চিৎকার শুনতে পাই। চিৎকার শুনে আমি আর সাফাত দৌড়ে মৃদাতের দিকে যাই—দেখি মৃদাত ছাদের মেঝেতে পড়ে যাচ্ছে। আর সৌরভ আমাদের দিকে দৌড়ে আসছে। সাফাত সৌরভকে জাপটে ধরে। সৌরভকে দেখি যেন আমার দিকে কী যেন ছুড়ে মারছে। আমি কীভাবে যেন সরে যাই। আর জিনিসটি নাবিলদের ছাদে গিয়ে পড়ে।