
গত শুক্রবার বেলা ১১টা। কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি বাজার। তিন তরুণকে ঘিরে আছেন বেশ কয়েকজন পর্যটক। তাঁরা পর্যটকদের ধারণা দিচ্ছেন জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে। এ তিন তরুণের পরনে সাদা টি-শার্ট। তাতে লেখা ‘দেখুন বাংলাদেশ, জানুন বাংলাদেশ’।
কিছুক্ষণ পর তাঁরা সাইকেল চালিয়ে গেলেন ইনানী সৈকতে। সেখানেও চলল একই কার্যক্রম। বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতের জীববৈচিত্র্য সংরক্ষণে পর্যটকদের সচেতন করার অভিযানে নেমেছেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশের পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
এই সাইকেল অভিযানে নেতৃত্ব দিচ্ছেন (দলনেতা) মুহাম্মদ আবুল হোসেন। দলের অপর দুই সদস্য হলেন মুহাম্মদ রুবেল হোসেন ও গাজী মুনছুর আজিজ। তাঁদের বাড়ি গোপালগঞ্জে। এর মধ্যে আবুল হোসেন পড়াশোনা শেষ করেছেন। বাকি দুজন এখনো ছাত্র।
সাইকেল অভিযান প্রসঙ্গে আবুল হোসেন বলেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা দিয়েছে। দেশি–বিদেশি লাখো পর্যটক কক্সবাজারে আসছেন। ভবিষ্যতে পর্যটক আরও বাড়াতে হবে। তাই এই অভিযান। তিনি আরও বলেন, মেরিনড্রাইভ সড়কটি সাইকেল চালানোর জন্য খুবই উপযোগী। এই সড়কে আন্তর্জাতিক সাইকেল প্রতিযোগিতা করা যায়। এতে ব্যাপক সাড়া মিলবে।
গত বৃহস্পতিবার থেকে তিনজনের এই দলটি কক্সবাজার-টেকনাফ প্রায় ৮৬ কিলোমিটারের এই মেরিনড্রাইভ সড়কে দুই দিনের সাইকেল অভিযান করে। প্রথম দিন বৃহস্পতিবার সকাল নয়টায় কলাতলী হাঙর ভাস্কর্য থেকে সাইকেল চালানো শুরু করেন তিনজন। এরপর কলাতলী, বড়ছড়া, দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটোয়ারটেক, বাহারছড়া, জাহাজপুরা, মহেশখালীপাড়া, টেকনাফ বাসস্টেশনসহ ১৫টি স্থানে তাঁরা পথসভা করে বিকেল পাঁচটার দিকে টেকনাফ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌঁছান। এ সময় পর্যটকসহ স্থানীয় লোকজনকে বিশ্বের দীর্ঘতম সৈকত ও দৃষ্টিনন্দন মেরিনড্রাইভ সড়কের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষা নিয়ে সচেতন করা হয়। এরপর টেকনাফ থেকে পুনরায় কক্সবাজার শহরে ফিরে আসেন। শুক্রবার সকালেও একইভাবে তাঁরা টেকনাফের উদ্দেশে রওনা দেন।
মুহাম্মদ আবুল হোসেন বলেন, সাইকেল অভিযানের সময় বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, হিমছড়ি ঝরনা, ইনানীর পাথুরে সৈকত, টেকনাফের মাথিনের কূপ, নাফ নদী, জালিয়ারদিয়ার অপরূপ সৌন্দর্য এবং দর্শনীয় স্থানগুলোর ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। পর্যটনের অপার এই সম্ভাবনা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।
মুহাম্মদ আবুল হোসেন বলেন, দেশের জন্য কিছু করার তাগিদ থেকে এই সাইকেল অভিযান। মানুষকে সচেতন করা গেলে সুন্দরভাবে গড়ে উঠবে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।
২০০৮ সালের ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রথম আলোর উদ্যোগে মাদকবিরোধী বার্তা নিয়ে তিন তরুণের দ্বিচক্রযান (সাইকেল) অভিযান। এর নেতৃত্বেও ছিলেন এই মুহাম্মদ আবুল হোসেন। মাদকবিরোধী আন্দোলনের স্লোগান ছিল, ‘মাদককে না বলো, জীবনের পথে এগিয়ে চলো’। ১৭ দিনে শেষ হয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মাদকবিরোধী ওই সাইকেল অভিযান।