‘দেখেছি, গুলিবিদ্ধ পাখির মতো পড়ে যাচ্ছে মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৯১ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় সার্বক্ষণিক সঙ্গী মো. জাহাঙ্গীর আলম। ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার দিনেও জাহাঙ্গীর ছিলেন যথারীতি ‘আপা’র কাছাকাছি। এখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত জাহাঙ্গীর আলম শুনিয়েছেন সেই দিনের কথা। লিখেছেন জাহীদ রেজা নূর১.আমরা আজ কথা বলব মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে। ২০০৪ সালে শেখ হাসিনা ছিলেন বিরোধীদলীয় নেত্রী। জাহাঙ্গীর আলম ১৯৯১ সাল থেকেই শেখ হাসিনার কাছাকাছি থাকছেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী। বিভিন্ন জায়গায় শেখ হাসিনার ওপর যত হামলা হয়েছে, তার নীরব সাক্ষীদের অন্যতম তিনি। এ কথাগুলো আমরা জেনেছি আগেই। এখন মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে ২১ আগস্টের ঘটনা শুনব বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ফটোসাংবাদিক খালেদ সরকারসহ অপেক্ষা করছি (১৯ আগস্ট, ২০১০)। একটু পরই গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসে পৌঁছাবেন। তাঁর সঙ্গেই আসবেন মো. জাহাঙ্গীর আলম। ইতিমধ্যে কার্যালয়ে ঢোকার পাসের ব্যবস্থা হয়ে গেছে। এ সময় ভিআইপি রোডের ধাবমান যানবাহনের সারি অকস্মাৎ উধাও। বোঝা গেল প্রধানমন্ত্রী আসছেন। তত্পর হয়ে উঠল পুলিশ, গোয়েন্দা বিভাগের লোকজন। রাস্তাঘাট নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এসে পৌঁছালেন তাঁর কার্যালয়ে। ‘আমি তো বেঁচে গেলাম। এখন বোনাস জীবন যাপন করছি’—২১ আগস্টের পর কোনো এক সময় কথাটি বলেছিলেন শেখ হাসিনা। সে কথাই আমাদের শোনালেন মো. জাহাঙ্গীর আলম। সত্যিই, ২০০৪ সালের ২১ আগস্ট এমন এক ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছিল, যা থেকে বঙ্গবন্ধুকন্যার বেঁচে আসাকে অলৌকিক ঘটনাই বলতে হবে। তাঁকে উদ্দেশ করে ছোড়া ১৩টি গ্রেনেডের যেকোনো একটি থামিয়ে দিতে পারত শেখ হাসিনার পথচলা। সেই বিভীষিকা পার করে শেখ হাসিনা এখন দেশের প্রধানমন্ত্রী।২.পাঠকের নিশ্চয়ই মনে আছে, সেদিন হতবিহ্বল হয়ে গিয়েছিল পুরো জাতি। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশটি এমন পরিণতির দিকে যাবে, তা কি কেউ ভাবতে পেরেছিল? বিকেল পাঁচটা বাইশ মিনিটে বক্তৃতা শেষ করলেন শেখ হাসিনা। ঠিক এমন সময় কান-ফাটানো শব্দ। গ্রেনেড হামলার বিভীষিকা মুহূর্তে ছড়িয়ে যায় বঙ্গবন্ধু এভিনিউজুড়ে। মুহুর্মুহু গ্রেনেড হামলায় পাখির মতো ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে মানুষের দেহ। বেঁচে থাকা মানুষ আর লাশ তখন একাকার হয়ে গেছে বঙ্গবন্ধু এভিনিউয়ে। দেখা যায়, আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের পাথর হয়ে যাওয়া চোখ, পা-হীন নিথর শরীর। আশপাশে মাটিতে যাঁরা বিক্ষিপ্ত, ইতস্তত পড়ে আছেন, তাঁদের দেহে প্রাণ আছে কি নেই, তা বোঝা যায় না। গ্রেনেড বিস্ফোরণের পর কুয়াশার মতো ঢেকে যায় এভিনিউটি। মুমূর্ষু মানুষের আর্তচিত্কার, আতঙ্কিত পলায়নপর লোকজনের আর্তনাদ মিলেমিশে এক ভয়াল দৃশ্যের জন্ম নেয়। এ দৃশ্য বানানো নাটকীয়তাকেও হার মানায়।২০০৪ সালের ২১ আগস্ট দিনটি এ রকম শোকের বার্তা নিয়েই এসেছিল। অনেকেরই মনে পড়ে যাবে, এই ভয়াবহ গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন ১৬ জন। আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান ২৪ আগস্ট। সেই হামলায় আওয়ামী লীগের নিহত নেতা ও কর্মীর সংখ্যা ২২। ৩.প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিথিকক্ষে বসে মো. জাহাঙ্গীর আলম বর্ণনা করছিলেন সেদিনের ঘটনা: ‘২১ আগস্ট চারটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আমরা পৌঁছালাম বঙ্গবন্ধু এভিনিউর সভাস্থলে। আপা (শেখ হাসিনা) বক্তৃতা করলেন পাঁচটা ২২ মিনিট পর্যন্ত। বক্তৃতা শেষ করে আপা নেমে আসছেন, আমি দাঁড়িয়ে আছি আপার গাড়ির দরজার কাছে, তিনি এলেই আমি দরজা খুলে দেব। এমন সময় ফটোসাংবাদিক মোহাম্মদ আলম, গোর্কিসহ অন্য আলোকচিত্রীরা চিত্কার করছিলেন, “আপা, আমরা ছবি পাইনি, আপনি যদি মঞ্চে আরেকটু দাঁড়ান!” আপা তখন সিঁড়ির কাছ থেকে আবার ফিরে গেলেন মাইকের কাছে। তিনি যেই মাইক ধরেছেন, অমনি দেখি রমনার দিক থেকে কী যেন উড়ে আসছে। আমি ভেবেছিলাম, ছোট্ট কোনো পাখি উড়ছে বোধ হয়। এটা যে গ্রেনেড ছিল, তা তখনো আমরা জানি না। সেটা এসে বিস্ফোরিত হলো ট্রাকের সিঁড়িটির কাছে, ঠিক যেখানে একটু আগে দাঁড়িয়ে ছিলেন আপা। অর্থাৎ আবার মাইকের সামনে না গেলে আপার গায়েই বিস্ফোরিত হতো এটি। এর পরই দ্বিতীয় গ্রেনেডের আওয়াজ শুনি। দেখি, বসে পড়েছেন আইভি চাচি (আইভি রহমান)। এরপর একের পর এক গ্রেনেড ফাটতে শুরু করল। চারদিক অন্ধকার হয়ে গেল।’একটু সময় নেন জাহাঙ্গীর। বলেন, ‘সে সময়কার অনুভূতি বর্ণনা করা সহজ নয়। কিন্তু এত দিন পর যদি সেদিনকার ঘটনাটি নিয়ে কিছু বলতে বলি, তাহলে কীভাবে তার বর্ণনা দেবেন?’উত্তর যেন তৈরিই ছিল। বিষয়টি নিয়ে আগেও ভেবেছেন বোঝা গেল। তাই অনায়াসেই বললেন, ‘আমি যুদ্ধ দেখিনি। কিন্তু ওই দিন দেখেছি, কীভাবে গুলিবিদ্ধ পাখির মতো পড়ে যাচ্ছে মানুষ। আমার হাত পাঁচেক দূরে সেন্টু (মোশতাক আহমেদ) মরে পড়ে আছে। আদা চাচাকে (রফিকুল ইসলাম) দেখলাম, রক্তে লাল পোশাক শরীরে, তখনো তসবিহ টিপছেন। তিনি যে মরে যাবেন, তা তখনো বুঝিনি। মঞ্চের দিকে তাকিয়ে দেখি হানিফ ভাই, মায়া ভাই, নজিব ভাই, মামুন ভাইসহ আরও কয়েকজন আপাকে কর্ডন করে দাঁড়িয়েছেন। সময় কীভাবে বয়ে যাচ্ছিল দ্রুতগতিতে। গ্রেনেড হামলায় তখন হয়তো দুই মিনিটের মতো বিরতি। আপা “লা ইলাহা ইল্লা আন্তা...” পড়ছিলেন। দেখলাম, আপা নেমে আসছেন মঞ্চ থেকে, তাঁর মাথায়, শরীরে রক্ত। তখনো জানতাম না এই রক্ত হানিফ ভাইয়ের। আপাকে বাঁচাতে গিয়ে হানিফ ভাইয়ের শরীরে বিঁধেছে অসংখ্য স্প্লিন্টার। বুলেটপ্রুফ গাড়ির দরজা খুলে আপাকে গাড়িতে উঠিয়েছি। আপার চশমা নেই, স্যান্ডেল নেই...। আপা গাড়িতে উঠে বসার পরপরই গাড়ির পেছনের দুই আসনে উঠে পড়লেন নজীব ভাই, মায়া ভাই, শোয়েব ভাই, মামুন ভাই, জেনারেল তারেক—এই পাঁচজন। গাড়িটি চালাচ্ছিলেন ড্রাইভার মতিন। তাঁর সাহসিকতার প্রশংসা করতেই হয়। আপা রওনা দিতেই আবার শুরু হলো গ্রেনেড হামলা। সঙ্গে গুলি। আমি তখন লাফ দিয়ে স্পেশাল ব্রাঞ্চের একটি গাড়িতে উঠে পড়ি। গাড়িতে ড্রাইভার নেই। সেই গাড়িতে এসবির নিরাপত্তারক্ষী আলমগীরও উঠেছিলেন। আমাদের গাড়ির কাচ ভেঙে গেল। আমি গাড়ির চালকের আসনে বসলাম। দেখি, গাড়িতে চাবি লাগানো। চাবি ঘোরাতেই স্টার্ট হয়ে গেল গাড়ি। আমিও বেরিয়ে গেলাম আপার গাড়ির পেছন পেছন। আর কোনো গাড়ি তখনো বের হয়নি। পুরো এলাকা যেন এক মৃত্যুপুরী।’একটু থেমে জাহাঙ্গীর আলম বললেন, ‘আপাই আমাদের বলতেন, ‘ড্রাইভিং শেখ্। কাজে লাগবে। অবশ্যই লাইসেন্স করা ড্রাইভার হবি।’ আপার কথামতো আমি ড্রাইভিং শিখেছি। সেটা এভাবে কাজে লাগবে, বুঝতেও পারিনি আগে।’‘তারপর কী করলেন?’‘আমার চোখে ভেসে উঠছিল আপার চেহারা। আপাকে রক্তাক্ত অবস্থায় দেখেছি আমি। তখনো জানি না, এই রক্ত আপার নয়। আমি যাকেই দেখছি, তাকেই চিত্কার করে বলছি, ‘আপার জন্য ৫ নম্বরে (সুধা সদন) ডাক্তার পাঠান। আপার অবস্থা ভালো নয়।’ নীলক্ষেত, নিউমার্কেটের কাছে এসে যানজটে আপার গাড়ির নাগাল পাই। দেখি, আপা সেই যে গালে হাত দিয়ে বসে ছিলেন, তেমনই বসে আছেন। আমি চিত্কার করে কিছু কথা বললাম, আপা শুনলেন না। তখনো জানি না, গ্রেনেডের আওয়াজে আপা কানে শুনতে পারছেন না।’এখন সবাই জানে, এই গ্রেনেড হামলার কারণে শেখ হাসিনার কান স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে-বিদেশে অনেক চিকিত্সা নেওয়ার পরও কান পুরোপুরি ভালো হয়নি। সুধা সদনে পৌঁছানোর পর দেখলাম, ছোট আপা (শেখ রেহানা) কাঁদছেন। অবস্থা কতটা ভয়াবহ ছিল, সেটা বুঝবেন নকিব আহমেদ মান্নু ভাইয়ের কথা শুনে। তিনি রেহানা আপাকে দেখে বলছিলেন, ‘আপাকে (শেখহাসিনা) বোধ হয় আমরা আর বাঁচাতে পারলাম না।’ তখন যে আপা সেখানে বসা, তা মুন্না ভাই খেয়ালই করতে পারেননি। তিনি ছিলেন উদ্ভ্রান্তের মতো।তখন সুধা সদনে মানুষের ঢল নেমেছে। আপা কিছুটা ধাতস্থ হয়ে বললেন, ‘আমার নেতা-কর্মীদের কী অবস্থা দেখে এসো, ওদের কাছে যাও।’ তখন আমি ও মায়া ভাই এগিয়েযাই। ছোট আপা টাকা বের করে দিলেন। একটা নিশান পেট্রোল গাড়িতে করে আমরা আবার ফিরে এলাম বঙ্গবন্ধু এভিনিউয়ে। তখনো পুলিশ টিয়ার গ্যাস ছুড়ছে। আমরা পড়ে থাকা ব্যানারে করে আহত মানুষদের গাড়িতে তুললাম। ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালেগিয়েদেখি,আপার দেহরক্ষী মাহবুব মেঝেতে পড়ে আছেন। আমি মাহবুবকে তুলতে চাইছিলাম; কেউ একজন বলল, ‘ও তো মরে গেছে। ওকে তো আর বাঁচাতে পারবে না...।’ তখন ঢাকা মেডিকেল কলেজে শোচনীয় অবস্থা! চিকিত্সকেরা হিমশিম খাচ্ছেন। আইভি চাচির অবস্থা শোচনীয়। ভিড় সরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হলো সিএমএইচে। এ ছাড়া বাংলাদেশ মেডিকেলে গিয়ে দেখি লালবাগের মহিলা নেত্রী রুমাকে। চিকিত্সকেরা বলছেন, পা কেটে ফেলতে হবে। আমরা অনুনয় করলাম, ‘প্রয়োজনে অনেক রক্ত দেব, ওর পা কাটবেন না।’ এ ছাড়া সেদিন ট্রমা সেন্টার, ল্যাবএইডসহ অনেকগুলো হাসপাতালে গেছি। সবখানেই কান্না, আহাজারি, হাহাকার। এ ঘটনা বর্ণনা করার শক্তি আসলে আমার নেই।’‘এত দিন পর এ ঘটনা কী অনুভূতির জন্ম দেয়?’‘দেখুন, ২০০৪ সালের সেই দিনটিতে সমাবেশে যাওয়ার আগে সুধা সদন থেকে নেমে আসার পথে তিনবার থেমেছিলেন আপা। প্রথমবার জিজ্ঞেস করলেন, “বঙ্গবন্ধু এভিনিউয়ের খবর কী।” বললাম, সব ঠিকঠাক আছে। নামতে গিয়েও ফিরে গেলেন তিনি। কিছুক্ষণপর আবার আপা নেমে আসেন। বললেন, “আসরের আজান পড়েছে, তোমরা নামাজ পড়েছো কি না?” আমরা বললাম, পড়েছি। তখন আপা আবার উঠে গেলেন। বললেন, “তাহলে আমিও নামাজ পড়ে আসি”।’ আবার নামতে গিয়ে বললেন, পানি খাবেন। পানি খেলেন। এরপর জানতে চাইলেন, ‘তোমরা সবাই রেডি আছো তো।’ বললাম, সবাই রেডি। তারপর রওনা হলেন। এভাবে তিনবার রওনা দিয়েও থেমে যাওয়ায় আমার মনটা খুঁতখুঁত করছিল। কিন্তু এ রকম নৃশংস, ভয়াল ঘটনা ঘটবে, তা ভাবতেও পারিনি।’তারপর থেমে, একটু দম নিয়ে বললেন, ‘এখনো অনেক রাতে বিকট কোনো আওয়াজ শুনলে কেঁপে উঠি। মনে হয়, বিপদ হয়েছে।’ আবার বললেন, ‘আপা আমার মায়ের মতো, বোনের মতো। তিনি মায়ের স্নেহ দেন, বোনের আদর দেন। তাঁর কাছাকাছি থাকতে পারছি, এর চেয়ে বড় আর কিছুই আমার জীবনে নেই। আপাকে ওরা শেষ করে দিতে চেয়েছিল, আপা বেঁচে আছেন, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।’মো. জাহাঙ্গীর আলম এ সময় ফিরে যান আগস্টের সেই ভয়াবহ দিনটিতে। তাঁর চোখে তখন অশ্রুর আভাস।